মাদারীপুরে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
মাদারীপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার পর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তা বিক্রির সময় আটক হয়েছে দুইজন।
নিহত বোরহান মাতুব্বর (২১) সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রামের রবুল মাতুব্বরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
গ্রেপ্তার মিঠুন খান (২৫) ও সজীব বেপারী (২৫) পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার বাসিন্দা।
শনিবার সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে বোরহানের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি মো. এমদাদ হোসেন।
তিনি বলেন, বোরহানকে ১ জানুয়ারি সন্ধ্যায় মিঠুন ও সজীব কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের পাশে আঁড়িয়াল খা নদের পাড়ে নিয়ে যায়। সেখানে মাথায় ইট দিয়ে আঘাতে পর ছুরিকাঘাতে তাকে হত্যা করে লাশ নদে ফেলে দেয় তারা।
“পরে তারা বোরহানের মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার তালা উপজেলায় বিক্রি করতে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা এ দুজনকে ধরে পুলিশে দেয়।”
তালা থানা পুলিশের দেয়া তথ্যে সজীব ও মিঠুনকে মাদারীপুর নিয়ে আসা হয় জানিয়ে ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে আড়িয়াল খাঁ নদ থেকে বোরহানের লাশ উদ্ধার করা হয়।
