বাগেরহাটের শ্রমিক দল সভাপতি গ্রেপ্তার
পুলিশের ওপর হামলা এবং নাশকতা চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার সরদার লিয়াকত আলী (৪৯) দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত ছিলেন।
লিয়াকত বাগেরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিরোধী দলের আন্দোলন ঠেকানোই তাকে গ্রেপ্তারের উদ্দেশ্য বলে দাবি করেছে বিএনপি।
শুক্রবার রাতে শহরের ভিআইপি মোড় এলাকায় অভিযান চালিয়ে লিয়াকতকে গ্রেপ্তার করা হয়।
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিয়াকত শহরে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে ১০/১৫ জন সহযোগী নিয়ে সংগঠিত হচ্ছে বলে পাওয়া গোপন খবরে সেখানে অভিযান চালানো হয়েছিল। এ সময় তার অন্য সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়।”
তিনি জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর শহরতলীর পঁচাদীঘির পাড় এলাকায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল হক রাহাদের বাড়িতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল।
ওই সময় পুলিশ গোপনে খবর পেয়ে সেখানে অভিযানে গেলে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ওই ঘটনার তদন্তে জেলা শ্রমিক দলের সভাপতি লিয়াকত আলীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান ওসি আজম।
ওই ঘটনায় পুলিশের করা মামলায় শনিবার লিয়াকতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
লিয়াকতকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, আগামীতে সরকার বিরোধী আন্দোলন দমিয়ে রাখতেই পুলিশের দেওয়া ‘মিথ্যা’ মামলায় শ্রমিক দল সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
