বেলকুচিতে শিশুকে ‘ধর্ষণ চেষ্টার’ পর হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হত্যার আগে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি সরিষা ক্ষেতে রিয়া খাতুনের (১০) লাশ পাওয়া যায়।
রিয়া ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
বেলকুচি থানার ইন্সপেক্টর খাজা গোলাম কিবরিয়া জানান, দুপুরে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য রিয়া পার্শ্ববর্তী মাঠে যায়।
বিকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে তার লাশ দেখে স্বজন ও পুলিশকে সংবাদ দেয়।
সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কেউ শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
