২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ পাষণ্ড রাজাকার: রিজভী

একাত্তরে হুসেইন মুহম্মদ এরশাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাকে ‘পাষণ্ড রাজাকার’ হিসাবে আখ্যায়িত করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 07:55 PM

Updated : 25 Apr 2022, 12:50 PM

তিনি বলেছেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে পশ্চিম পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধে যোগ দিতে যেসব সামরিক অফিসাররা পালিয়ে আসতেন, তাদের মধ্যে যারা ধরা পড়তেন, তাদের বিচারে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, তার চেয়ারম্যান ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আজকে বলেন প্রতিহিংসার কথা। এতো বড় পাষণ্ড রাজাকার এখন শেখ হাসিনার দোসর।’’

বৃহস্পতিবার জাতীয় পার্টির সমাবেশে খালেদা জিয়াকে নিয়ে এরশাদের বক্তব্যের পর শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

সোহরাওয়ার্দী উদ্যানে ওই জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদাকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, “প্রতিহিংসার রাজনীতি আপনি শুরু করেছেন, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ আপনি শুরু করেছেন, স্পেশাল কোর্ট গঠন করেছেন। সমাবেশে ১৪৪ ধারার রীতি আপনি শুরু করেছিলেন। আমার ১৪২টি জনসভায় ১৪৪ ধারা জারি করেছিলেন।”

খালেদা জিয়া এখন  ইতিহাসের ‘দণ্ড ভোগ’ করছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ।

এর জবাবে রিজভী বলেন, “অবৈধ সরকারের মিথ্যাচারের সাথে যোগ হয়েছে আরেক মনিকাঞ্চন। তিনি হচ্ছেন মিথ্যার গুরু, গুজবের মহানায়ক এরশাদ। অবৈধ আওয়ামী সরকারের প্রযোজনায় এই স্বৈরাচার নানা কথা বলে যাচ্ছেন।’’

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেত্রা রিজভীর অভিযোগ, সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় এরশাদ অনেক মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিককে চাকরি থেকে ‘বিদায় করেছেন’।

“কেবল তাই নয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যার পেছনেও এরশাদ জড়িত। তিনি (এরশাদ) ওই দুটি হত্যাকাণ্ডের মদদদাতা ছিলেন।”

খালেদাকে নিয়ে এরশাদের বক্তব্যের নিন্দা জানিয়ে রিজভী বলেন, “জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করলেই সরকারের আস্থাভাজনের পরিণত হচ্ছে, সেটা যদি পাকিস্তানের জেনারেল টিক্কা খানও হয়।”