শেলার নৌপথ পুনরায় চালুর দাবি
সুন্দরবনের শেলা নদী দিয়ে বন্ধ করে দেওয়া নৌপথ পুনরায় চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
দাবি না মানলে ৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।
সংগঠনটি শুক্রবার সকালে মংলায় এবং বিকালে শরণখোলায় সমাবেশ করে আগামী ৫ জানুয়ারির মধ্যে শেলা নদীর এ নৌপথ চালুর দাবি জানায়।
গত ৯ ডিসেম্বর শেলা নদীতে ফার্নেস তেলবাহী একটি ট্যাংকার ডুবে নদ-নদীতে তেল ছড়িয়ে পড়লে এই নৌপথটি সরকার বন্ধ করে দেয়। তখন থেকে এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এর ফলে মংলা বন্দরে আসা জাহাজগুলোয় পণ্য ওঠানামায় সমস্যা দেখা দেয় এবং দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহণ বন্ধ হয়ে যায়।
জাতিসংঘ থেকে আসা পরিবেশ বিশেষজ্ঞ দলের সদস্যসহ এদেশের পরিবেশবিদরা এ নদী দিয়ে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
মংলার সমাবেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, বাংলাদেশ-ভারত নৌ-বাণিজ্য প্রটোকলভুক্ত মংলা-ঘষিয়াখালী চ্যানেল নাব্যতা হারানোর পর থেকে বিআইডাব্লিউটিএ গত তিন বছর ধরে বিকল্প হিসেবে সুন্দরবনের ভেতরের শেলা নদী পণ্য পরিবহনসহ সব ধরনের নৌযান চলাচলের জন্য ব্যবহার করছে।
এখন শেলা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেওয়ায় গত ২২ দিনে মংলা বন্দরের পশুর নদীতে প্রায় পাঁচ শতাধিক নৌযান আটকা পড়ে আছে।
মংলা বন্দরে আসা জাহাজগুলোর পণ্য সময়মতো খালাস করতে না পারায় আমদানিকারক, ক্যারিয়ার মালিক ও শ্রমিকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
এইভাবে নদীপথটি বন্ধ থাকলে জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
আগামী ৫ জানুয়ারির মধ্যে শেলা নদীর নৌপথ খুলে না দিলে ৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুমকি দেন তিনি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মংলা উপজেলা সভাপতি মো. আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে মংলার সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার এবং খুলনা বিভাগীয় জাহাজী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বাহার।
বিকালে সমাবেশ হয় শরণখোলার রায়েন্দায় বনেশ্বর নদীর পাড়ে।
এ সমাবেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম বলেন, এই রুট দিয়ে প্রতিদিন ৯০ থেকে একশটি নৌযান চলাচল করে।
৯ ডিসেম্বরের পর থেকে দেশের কোনো স্থান থেকে পণ্যবাহী কার্গো, বার্জ, ট্যাংকারসহ কোনো নৌযানই মংলা বন্দরে আসতেও পারছে না যেতেও পারছে না।
ফলে মংলা বন্দরে আসা জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে। পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক বর্তমানে বেকার হয়ে পড়েছে।
তাই মংলা-ঘষিয়াখালী নৌরুটটি চালু না হওয়া পর্যন্ত সুন্দরবনের রুটটি চালু করার দাবি জানান তিনি।
তা না হলে আগামী ৬ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
একই দাবিতে শনিবার (৩ জানুয়ারি) তারা খুলনায় অনুরূপ কর্মসূচি পালন করবেন বলে জানান চৌধুরী আশিকুল আলম।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মংলা উপজেলা সভাপতি মো. আনোয়ার চৌধুরী বলেন, বিআইডাব্লিউটিএ বঙ্গোপসাগরের সুপতি দিয়ে পণ্য পরিবহনের যে পরামর্শ দিয়েছে তা দূরত্বের দিক থেকে যেমন বেশি তেমনি ঝুঁকিপূর্ণ।
এছাড়া যারা পণ্য পরিবহন করেন তাদের কার্গো বা বার্জ বঙ্গোপসাগর দিয়ে চলাচলের অনুপোযোগী।
তিনি আরও বলেন, পরিবহন সংকটের কারণে শ্রমিকরাও বেকার হয়ে পড়েছে। ফলে বন্দর সংশ্লিষ্টদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
সব মিলিয়ে আমানিকারক ও পরিবহনকারী প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে তিনি জানান।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কে এম আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট হয়ে পশুর নদীর হারবাড়িয়ায় পণ্যবাহী জাহাজগুলো নোঙর করছে।
বর্তমানে এলপি গ্যাস, ক্লিংকারবাহী (সিমেন্ট তৈরীর কাঁচামাল) ও কন্টেইনারবাহী সাতটি জাহাজ বন্দরে অবস্থান করছে।
লাইটারেজ জাহাজ, বার্জ ও কার্গো সংকটের কারণে জাহাজগুলোকে পণ্য নিয়ে বসে থাকতে হচ্ছে। এতে আমদানিকারকদের দিন যাচ্ছে আর জাহাজের ভাড়া বাড়ছে।
পণ্য পরিবহন কাজে নিয়োজিত মেসার্স ইস্টার্ন ক্যারিয়ারের প্রতিনিধি শাহ আলম তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আমদানি করা প্রায় ৩৬ হাজার মেট্রিক টন সার নিয়ে বিপাকে পড়েছেন তারা।
“শেলা নদী দিয়ে পরিবহন বন্ধ থাকায় মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় কার্গোতে ইউরিয়া সার নিয়ে বসে আছি। বিএডিসির আমদানি করা এই সার নিয়ে আমাকে আশুগঞ্জে পৌঁছে দিতে হবে।”
বিআইডাব্লিউটিএ যে রুট দিয়ে তাদের পণ্য পরিবহন করতে বলেছে তা তাদের কাছে একেবারেই অপরিচিত ও ঝুঁকিপূর্ণ।
তাই আর্থিক ক্ষতি হচ্ছে জেনেও বাধ্য হয়ে বসে রয়েছেন পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায়।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুটটি বন্ধ হয়ে যাওয়ায় লাইটারেজ জাহাজ, কার্গো, বার্জ চলাচলে সংকট দেখা দিয়েছে।
বিভিন্ন দেশ থেকে মংলা বন্দরে আসা জাহাজ থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। ফলে আমদানিকারক, পণ্যপরিবহন মালিকদের আর্থিক ক্ষতি হচ্ছে।
এই সমস্যা সমাধানে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
