নীলফামারীতে গৃহহারাদের সহায়তা
নীলফামারীর ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০৬টি পরিবারের ঘর নির্মাণে টাকা ও ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা ও ঢেউটিন তুলে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান জানান, গত ডিসেম্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডে ১০৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঘর নির্মাণের জন্য তিন হাজার টাকা ও এক বাণ্ডেল করে ঢেউটিন দেওয়া হয়।
এছাড়া একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে বরাদ্দ করা এক হাজার ৮৪১টি কম্বল, ২৪৭টি স্যুয়েটার, ৬৬টি মাফলার ও ১০২টি চাদর উপজেলার অতি দরিদ্র ও দুঃস্থ শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ইউএনও মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সোনারায়ের ৮৫ পরিবারের পাশে লায়ন্স ক্লাব
নীলফামারীর সদরের সোনারায় ইউনিয়নের সাতারুপাড়া গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে সহায়তা দিয়েছে লায়ন্স ক্লাব।
তারা প্রত্যেক পরিবারকে নগদ টাকাসহ সাংসারিক প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করেন।
বৃহস্পতিবার বিকালে সৈয়দপুর লায়ন্স ক্লাব চত্বরে নগদ অর্থসহ সাংসারিক সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ্ মান্নু, লায়ন মো. নজরুল ইসলাম, লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর, লায়ন মো. আব্দুল মান্নান, লায়ন মো. আব্দুল্লাহ্ আল-জেহাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের যৌথ উদ্যোগে এবং নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলীর সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ এক হাজার টাকা, একটি করে অ্যালুমিনিয়াম পাতিল, একটি কড়ই, দুইটি থালা, একটি করে চামচ, একটি জগ, দুইটি গ্লাস ও একটি কম্বল বিতরণ করা হয়।
গত ২৩ ডিসেম্বর রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় সাতারুপাড়ায় আগুনে ৮৫টি পরিবারের সর্বস্ব পুড়ে যায়।
