সিলেটে অস্ত্রসহ চার ‘ডাকাত’ আটক
সিলেট উপশহর এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ডি ব্লকের ২৭ নম্বর রোডের ৪ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়।
এ সময় অগ্নেয়াস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আটকরা হলেন- মেস মালিক মঈন উদ্দিনের ছেলে এমএ কাহের বেলাল (২৭), মেসের বাসিন্দা আতিক মিয়া (২৫), মাছিমপুর এলাকার স্বপন (৩০) ও দক্ষিণ সুরমা পাঠানপাড়ার রুবেল (২৭)।
বাসার তত্ত্বাবধায়ক ফরিদ মিয়া ও তার ছেলে মানিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথা জানিয়েছে পুলিশ।
উপ-কমিশনার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের হাতে গ্রেপ্তার ডাকাত চক্রের সদস্য লাভলুকে নিয়ে ভোর রাতে ওই বাসায় অভিযান চালানো হয়।
সেখান থেকে একটি কাটা রাইফেল, রাইফেলের বাট, ৪৩টি গুলি, ১১টি হাতবোমা, নয়টি ছোরা, রাম দা, নয়টি মোবাইল সেট, আটটি ভ্যানেটি ব্যাগ, চারটি হেলমেট, নয় হাজার টাকা, মুখোশ, ক্ষুরসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ফয়সল মাহমুদ বলেন, “তারা ওই বাসায় অবস্থান করে নগরীতে ছিনতাই ও ডাকাতি করত।”
তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
