২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বছর শুরু, জনজীবনে প্রভাব নেই

জামায়াতের হরতালের মধ্যে বাংলাদেশে নতুন বছরের প্রথম দিন শুরু হলেও রাজধানীর কোথাও দলটির নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 10:20 AM

Updated : 25 Apr 2022, 12:50 PM

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতালের প্রথম তিন ঘণ্টায় ঢাকার রাস্তার চিত্র ছিল অনেকটাই স্বাভাবিক। রিকশা, অটোরিকশার পাশাপাশি গণপরিবহন চলাচল করায় জনজীবনে হরতালের তেমন কোনো প্রভাব চোখে পড়েনি।

বছরের শেষ দিন বুধবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি, যাতে বিচ্ছিন্নভাবে দুএকটি স্থানে বোমাবাজি ও গাড়ি পোড়ানোর ঘটে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে দুই দিনের এই কর্মসূচির প্রথম দিন ঢাকার দুই একটি স্থানে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা হলেও জানুয়ারির প্রথম দিন তেমন কোনো খবরও আসেনি।   

রাজধানীর মিরপুর, ফার্মগেইট, শাহবাগ, মতিঝিল,মালিবাগ, খিলগাঁও, রামপুরাসহ বিভিন্ন এলাকায় অফিসগামী যাত্রীদের ভিড় দেখা গেছে অন্য দিনের মতোই। 

বাস মালিকরা নিরাপত্তার কারণে দূরপাল্লার বাস বন্ধ রাখলেও ঢাকার আশেপাশের জেলাগুলোর উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কমলাপুর স্টেশন ও সদরঘাট টিার্মিনালে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ের ট্রাফিক পরিদর্শক হুমায়ূন কবির ও বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক এসএম মামুন জানিয়েছেন।

বংশাল, কোতোয়ালি, যাত্রাবাড়ী, বাড্ডা, শাহবাগ, লালবাগ ও চকবাজার থানার দায়িত্বরত কর্মকর্তারা জানান, বর্ষবরণকে ঘিরে রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে সতর্ক অবস্থানে আছে। হরতালে কোথাও কোনো গোলযোগের খবর তারা পাননি।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় এলে এই হরতালের ঘোষণা দেয় দলটি। 

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, “আদালত সরকারের দায়ের করা মিথ্যা মামলায়, সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করেছেন তা একটি ন্যায়ভ্রষ্ট রায়। এ রায়ে জনাব এটিএম আজহারুল ইসলাম ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।”

হরতাল ডাকার পর রাতে গাজীপুরের বাইপাস ও চান্দনা-চৌরাস্তা এলাকায়  দুটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়া হয়। 

আর বুধবার হরতালের প্রথম দিন সকালে ঢাকার গেণ্ডারিয়ায় একটি বাস পুড়িয়ে দেয় হরতালকারীরা। এছাড়া রাজশাহী, সিলেট ও গাজীপুরে বোমাবাজি ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।