‘যুদ্ধাপরাধের বিচারের সাক্ষ্য না দেয়ার কথা অপপ্রচার’
যুদ্ধাপরাধের বিচারের মামলায় সাক্ষ্য না দেয়ার খবরকে একটি পক্ষের অপপ্রচার বলে মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে গ্রন্থবিপণি বাতিঘরের দশ বছর পূর্তিতে আয়োজিত ‘পাঠকের মুখোমুখি লেখক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাফর ইকবাল বলেন, “একজন মানুষ তখনই সাক্ষ্য দিতে পারে যখন তাকে ট্রাইব্যুনাল থেকে চিঠি পাঠিয়ে বলে তুমি অমুক দিন এসে সাক্ষ্য দিয়ে যাও। আমাকে তারা সাক্ষ্য দিতে ডাকেনি তাই আমি সাক্ষ্য দিতে যাইনি।
“একটা গ্রুপ আমাকে সবার কাছে খারাপ দেখানোর জন্য এ প্রচারণাটা চালায়।”
সোশাল মিডিয়ায় বিভিন্ন লেখায় মুক্তিযুদ্ধের সময় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং জাফর ইকবালের বাবা ফয়জুর রহমানকে হত্যার জন্য জামায়াত ইসলামের নায়েবের আমীর দেলাওয়ার হোসাইন সাইদীকে দায়ী করা হয়।
কিন্তু পরে ফয়জুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে যুদ্ধাপরাধী সাইদীর সরাসরি কোন সংযুক্ততার প্রমাণ না পাওয়ায় মামলায় জাফর ইকবালের সাক্ষ্য নেয়া হয়নি।
তিনি বলেন, “পুলিশ অফিসাররা আমাদের বাসায় এসে পরিবারের সদস্যদের জবানবন্দি নিয়ে গেছে। আমাকে সাক্ষী হিসেবে ডাকলে তাদের কোন লাভ হবে না। তাই তারা আমাকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকেনি।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখকের সহধর্মিনী ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকা ইয়াসমিন হক, ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান, বাতিঘর গ্রন্থবিপণী’র সত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ ও রিয়েল এস্টেট কোম্পানি ‘ইকুয়টি’র চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মাহমুদ।
বিভিন্ন স্কুলের প্রায় পাঁচশরও বেশি শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিল। প্রশ্ন আর উত্তরে প্রাণবন্ত আড্ডায় পরিণত হয়েছিল অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে যেসব শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেও তা দেখার বিন্দুমাত্র ইচ্ছা পোষণ করে না তাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যত বলে মন্তব্য করেন জাফর ইকবাল।
তিনি বলেন, “যেই বলুক প্রশ্নপত্র ফাঁস হয়েছে তোমরা তোমাদের মতই পড়াশুনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে।
“যে শিক্ষাব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস হয় সে শিক্ষার কোন ভ্যালু নাই। প্রশ্ন ফাঁস হতে থাকবে আর আমরা সেটা মেনে নেব তা হবে না। যে কোন মূল্যে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে।”
অধ্যাপক জাফর ইকবাল বলেন, “আমরা পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণির পরীক্ষা নিতে নিষেধ করেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা জোর করে চালু করেছেন।”
অনুষ্ঠানে মাইশা নামের এক শিক্ষার্থী প্রশ্ন করেন, তরুণদের জন্য বর্তমান রাজনীতি নিরাপদ কি না।
প্রশ্নের জবাবে জাফর ইকবাল বলেন, “যারা রাজনীতি করতে চাও তাদের জন্য আমার উপদেশ একদম পাঠ্য বইয়ের মত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটা পড়বে।”
তিনি বলেন, “একজন রাজনৈতিক নেতা যিনি মন্ত্রী হয়েছেন’ তিনি একটি সাদা কাগজে একটি স্বাক্ষর করে লিখে দিলেই কিন্তু কাল থেকে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়ে যাবে।
“সুতরাং তোমাদেরকেই সেই রাজনৈতিক নেতা হয়ে নীতি-নির্ধারণী জায়াগায় যেতে হবে যাতে একটি ইতিবাচক পরিবর্তন দেশে আসে। তোমরা রাজনীতি করলে তো আর দুই নাম্বারি করবে না। তোমরা এক নাম্বার মানুষ।”
দীর্ঘ দেড় ঘণ্টার বক্তব্য ও প্রশ্নোত্তর পর্ব শেষে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে তাদের প্রিয় লেখকের অটোগ্রাফ নেয়।
