সাবেক সেনা কর্মকর্তা ও র্যাব সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
অর্থ আত্মসাতের অভিযোগে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা এবং জালিয়াতির মাধ্যমে অর্পিত সম্পত্তির মালিকানা হস্তান্তরের অভিযোগে এক র্যাব কর্মকর্তাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম বুধবার রাজধানীর বনানী থানায় এবং উপ পরিচালক আবু সাঈদ তেজগাঁও থানায় মামলা দুটি দায়ের করেন।
জাহাঙ্গীর আলমের মামলায় আসামি করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জালাল উদ্দিন আহমেদকে।
দুদক বলছে, ২০০৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার দুই বছর পর জালাল উদ্দিন ‘ধারা বহুমুখী সমবায় সমিতি’ নামের একটি প্রতিষ্ঠান চালু করেন এবং ঢাকা সেনানিবাসের আশপাশে মাটিকাটা, মানিকদি, কাফরুল ও ইব্রাহিমপুরে বসবাসরত অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা সদস্য, তাদের আত্মীয় ও পরিচিতজনদের ওই প্রতিষ্ঠানে ‘এফডিআর’ রাখতে উদ্বুদ্ধ করেন।
ওই সমবায়ে অর্থ জমা রাখলে জালাল উদ্দিন প্রতি এক লাখ টাকার জন্য মাসে ২০০০ টাকা লাভ এবং গচ্ছিত টাকা ফেরত চাইলে ১০ দিনের মধ্যে তা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তার এই আশ্বাসে প্রলুব্ধ হয়ে এক হাজার ৪৪৯ জন সেনা কর্মকর্তা বিভিন্ন অংকের অর্থ ওই সমিতিতে জমা দেন, যার মোট পরিমাণ ৫৯ কোটি ৩৯ লাখ টাকা।
মামলার নথিতে দেখা যায়, সমিতির অর্থ জালালউদ্দিন আহমেদ ওই সমিতির নামে কোন হিসাব না খুলে অন্যত্র পাচার করেন যা মানি লন্ডারিং আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
তেজগাঁও থানায় আবু সাঈদের করা মামলায় র্যাবের আইন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
বাকি পাঁচ আসামি হলেন- জিনাত আরা পারভীন, প্রাক্তন ভূমি সহকারী কর্মকর্তা মো. হুমায়ুন মোল্লা, প্রাক্তন সার্ভেয়ার সমর চন্দ্র সূত্রধর, মো. মহিউদ্দিন এবং মো. আলী হোসেন।
দুদক বলছে, র্যাবে অন্তর্ভুক্তির আগে আনিসুর রহমান রাজধানীর কোতয়ালী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) থাকার সময় নিয়ম বহির্ভুতভাবে রাজধানীর ওয়ারি এলাকায় আট শতাংশ অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করেন।
ওই জমির বর্তমান বাজারমূল্য এক কোটি দশ লাখ টাকা, যার প্রকৃত মালিক যশোদা রায় ১৯৪৭ সালে ভারতে চলে যান। এরপর থেকেই জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে নথিভুক্ত ছিল।
এরপর ২০১৩ সালের ২১ জুলাই নিয়মবহির্ভুতভাবে তৎকালীন সহকারী কমিশনার আনিসুর রহমান জিনাত আরা পারভীনের নামে ওই সম্পত্তির নামজারি করেন।
