বরিশালে পিকেটারের হামলায় স্কুলছাত্রী আহত
বরিশাল নগরীতে হরতাল সমর্থকদের ছোড়া ইটের আঘাতে এক স্কুলছাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাশিপুর এলাকায় এ ঘটনায় আহত মৌসুমী আক্তার (১৬) সদর উপজেলার জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার রুইয়ার পুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
তাকে বরিশাল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আলফা মাহিন্দ্রা যোগে পরিবারের সদস্যদের সঙ্গে রহমতপুরের দিকে যাচ্ছিল মৌসুমী আক্তার।
আলফা মাহিন্দ্রাটি কাশিপুর এলাকার সুরভী পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে হরতালকারীরা চোরাগুপ্তা হামলা চালায়।
তাদের ছোড়া ইটে ওই ছাত্রীর মাথায় জখম হয় জানান ওসি শাহিদুজ্জামান।
