২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের মধ্যেই খুলনার ১০ জেলায় পরিবহন ধর্মঘট

সড়ক দুর্ঘটনায় শাস্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ কয়েকটি দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকে বুধবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে একই সময়ে শুরু হওয়া জামায়াতের হরতালে দূর পাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ধর্মঘটের কারণে বাড়তি কোনো প্রভাব পড়েনি। 

সংগঠনটির খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

শ্রমিকদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা করা বন্ধ; চালকের শাস্তির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সাত বছর না করা; চালকের লাইসেন্সপ্রাপ্তির জটিলতা নিরসন; পুলিশি হয়রানি, ফেরিঘাটে অনিয়ম, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা।

সোমবার দুপুরে যশোরে সংবাদ সম্মেলন করে দুই দিনের এ ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটি।

সকালে কুষ্টিয়া শহরের মজমপুর গেইটে মোটর শ্রমিক ইউনিয়ন (৭২), ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নসহ (১১১৮)  পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

এ সময় একটি অটোরিকশা ভাংচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।ওই অটোরিকশার চালক মামুন আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

শ্রমিক ফেডারেশনে এ হরতালের কারণে বেনাপোলে কোনো ট্রাক আসতে পারছে না।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া, ঝিকরগাছা,নাভারন ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের সামনে শ্রমিকরা ব্যারিকেড দিয়ে রেখেছে।

“শ্রমিকদের প্রতিবন্ধকতার কারণে বন্দরে যেমন ট্রাক আসতে পারছে না, তেমনি বন্দর থেকে পণ্য বোঝাই কোনো ট্রাক দেশের অভ্যন্তরেও যেতে পারছে না।”

বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। শুল্ক বিভাগের কাজকর্ম এবং পণ্য ওঠানামাও স্বাভাবিক ভাবে চলছে।

হরতালের মধ্যে ধর্মঘট করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, “আমরা হরতালের আগেই কর্মসূচি দিয়েছিলাম।”

ধর্মঘট প্রত্যাহার বিষয়ে প্রশাসন কোনো আলোচনার উদ্যোগ নেয়নি বলেও জানান তিনি।