কারওয়ান বাজারে ট্রাকচাপায় নিহত ১
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সবজিবোঝাই একটি ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে জনতা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে তেজগাঁও থানার এসআই খোকন মিয়া জানান।
নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর, পরনে ছিল লুঙ্গি ও স্যুয়েটার। দুর্ঘটনার পর ট্রাকের চালক নারায়ণ চন্দ্রকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে ট্রাকের চাপায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“সম্ভবত সবজিবোঝাই ট্রাকটি পেছনের দিকে ঘোরানোর সময় ওই ব্যক্তিকে চাপা দেয়।”
নিহত ব্যক্তি হকার ছিলেন বলে স্থানীয়রা জানালেও পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
