টেলিযোগাযোগ উন্নয়নে আজিয়াটার বিশেষ পদক্ষেপ
টেলিযোগাযোগ অবকাঠামো সরবরাহকারি প্রতিষ্ঠান এরিকসন, হুয়াওয়ে, এনইসি ও এসআইএই’র সঙ্গে কৌশলগত বৈশ্বিক কাঠামোগত সেবা চুক্তি করেছে এশিয়ার অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ ও কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদ।
আজিয়াটা গ্রুপ বারহাদ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মূল কোম্পানি।
মঙ্গলবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির মাধ্যমে আজিয়াটায় একটি মূলধারার ক্রয় (প্রকিউরমেন্ট) প্রক্রিয়া গড়ে তোলা হবে যা আর্থিক লেনদেনে গতিশীলতা অর্জন ও সময়মত পণ্য বা সেবা ক্রয়ের মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা এবং প্রতিযোগিতামূলকভাবে সক্ষমতা বৃদ্ধি করবে।
গ্রুপ প্রাইসিং চুক্তির মাধ্যমে আজিয়াটার ব্যবসায়িক কার্যক্রম আছে এমন পাঁচটি দেশে কোম্পানির কর্ম পরিসর বৃদ্ধি পাবে। পাশাপাশি চুক্তি বাস্তবায়নের তিন বছরের মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে প্রত্যাশা আজিয়াটার।
এ চুক্তির ফলে বিশেষত নেটওয়ার্ক সামগ্রী ও টেলিযোগাযোগ পণ্যসহ এ সম্পর্কিত কাজ ও সেবা নির্দিষ্ট বিক্রেতার কাছ থেকে ক্রয় করবে আজিয়াটা গ্রুপের কোম্পানিগুলো।
এর ফলে আজিয়াটার কোম্পানিগুলো নিজেদের মধ্যে যে পণ্য, কাজ ও সেবা ক্রয় করে সেসম্পর্কিত প্রযুক্তি ও প্রযুক্তিগত তথ্য নিয়মিত বিনিময় করতে পারবে। আজিয়াটা প্রতিটি বিক্রেতার রোডম্যাপ সম্পর্কে আরো ভালভাবে জানতে এবং ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে।
আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার জামালুদ্দিন ইব্রাহিম বলেন, “এ চুক্তির ফলে প্রতিটি কোম্পানি একই সাথে তাদের পণ্য বা সেবার চাহিদার বিষয়টি বিক্রেতাকে জানাতে পারবে যা সময় সাশ্রয়ী হবে এবং এতে মূলত আমাদের গ্রাহকরাই লাভবান হবেন। পারস্পরিক লাভের কথা মাথায় রেখে আমরা আমদের ভেন্ডরদের সাথে আন্তরিকভাবে কাজ করব।”
এশিয়ার টেলিযোগাযোগ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম বৃহৎ অপারেটর হচ্ছে আজিয়াটা।
আজিয়াটা মালয়েশিয়ায় ‘সেলকম’, ইন্দোনেশিয়ায় ‘এক্সএল’, শ্রীলঙ্কায় ‘ডায়লগ’, বাংলাদেশে ‘রবি’, ক্যাম্বোডিয়ায় ‘স্মার্ট’, ভারতে ‘আইডিয়া’ ও সিঙ্গাপুরে ‘এমওয়ান’ নামে কার্যক্রম পরিচালনা করে।
অঙ্গপ্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানসহ এশিয়ায় ২৫ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক রয়েছে আজিয়াটা গ্রুপের।
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডেকোমার একটি যৌথ কোম্পানি।
