‘সবচেয়ে বড়’ গণহত্যার যথাযথ সাজা
এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ে একাত্তরের ‘সবচেয়ে বড়’ গণহত্যার হোতার যথাযথ শাস্তি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আজহারের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধ চলাকালে ইসলামী ছাত্রসংঘের রংপুর জেলা কমিটির সভাপতি ও আল-বদর বাহিনীর আঞ্চলিক কমান্ডার আজহার সম্পর্কে এই প্রসিকিউটর বলেন, “একাত্তরে আজহার ছিলেন রংপুর অঞ্চলের ত্রাস। আজ তাকে ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। তার মধ্যে একটি অভিযোগে হাজারের বেশি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।”
ফাইল ছবি
প্রসিকিউটর মালুম বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের আইনে ক্ষতিপূরণের বিষয়টি স্পষ্টভাবে বলা নেই। তাই ট্রাইব্যুনাল এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা না দিয়ে রাষ্ট্রকে বীরঙ্গনাদের স্বীকৃতি ও পুনর্বাসনের উদ্যোগ নিতে বলেছে। এছাড়া পাঠ্যপুস্তকে তাদের অবদানের কথা তুলে ধরতে বলেছে।
প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, “ট্রাইব্যুনালে যতগুলো বড় গণহত্যার ঘটনার বিচার হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ঝাড়ুয়ার বিলের গণহত্যা। সংখ্যার দিক থেকে এত বড় গণহত্যার বিচার ট্রাইব্যুনালে হয়নি।”
মানবতাবিরোধী অপরাধের তিনটি ঘটনায় আজহারকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে একটি হলো- ১৯৭১ সালের ১৭ এপ্রিল জামায়াত ও ছাত্রসংঘের কর্মী এবং পাকিস্তানী সেনাবাহিনীকে নিয়ে রংপুরের বদরগঞ্জের ঝাড়ুয়ারবিলের আশপাশের গ্রামে হামলা চালান আজহার, যাতে এক হাজার দুইশর বেশি নিরীহ হিন্দু গ্রামবাসী নিহত হন।
প্রসিকিউটর তুরিন বলেন, দীর্ঘ বিচার চলাকালে এটিএম আজহার তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়নি। এমনকি রায়ের দিনও না। সাজা দেওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনাল এই বিষয়টিও বিবেচনায় রেখেছে।
রায়ে সন্তোষ জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “যুদ্ধাপরাধী এটিএম আজহারের যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। এই রায়ে দেশবাসীর মতো আমরাও খুশি হয়েছি, আনন্দিত হয়েছি।”
রায়ের প্রতিক্রিয়ায় অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, এই রায়ের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের অপরাধের কথা জানতে পারবে। বীরাঙ্গনাদের অবদানের কথা রায়ে বলা হয়েছে। রাষ্ট্রকে বলা হয়েছে তাদের স্বীকৃতি ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য। এটা একটি যুগান্তকারী ঘটনা।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুফিদুল হক বলেন, “ন্যায়ের স্বীকৃতি পেলাম। আপিলের নামে যাতে রায় কার্যকরে বিলম্ব না হয় সেই প্রত্যাশা করছি।”
