চট্টগ্রামে কমেছে পূর্ণাঙ্গ জিপিএ, পাসও কম
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দুটিই গত বছরের তুলনায় কমেছে।
মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেএসসির ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার জেএসসিতে পাসের হার ৮৪ দশমিক ২৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৬ দশমিক ১৩ শতাংশ।
এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৪৮৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৪ হাজার ১০৫ জন।
পাসের হার ও জিপিএ-৫ কমার বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছর পাসের হার একই রকম থাকবে না। কোনো বছর বাড়বে আবার কোনো বছর কমবে। এবারের পাসের হার গতবারের তুলনায় কম তবে সন্তোষজনক।
“জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে। এর দুটি কারণ থাকতে পারে। সেগুলো হলো নতুন বিষয় হিসেবে আইসিটি’র অন্তর্ভুক্তি এবং গণিতে প্রথমবারের মত সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ।”
২০১৪ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসিতে এক লাখ ৫০ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে এক লাখ ২৬ হাজার ৯৫৩ জন।
এবার ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮২ দশমিক ৭৪ শতাংশ।
জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছাত্র চার হাজার ৮০১ জন এবং ছাত্রী পাঁচ হাজার ৬৮৬ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তালিকায় সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করেছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় সরকারি কলেজিয়েট স্কুল ও তৃতীয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়।
