চট্টগ্রামে যুব মেলার আয়োজন
বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করতে চট্টগ্রামে আয়োজিত হয়েছে যুব মেলা-২০১৪।
সোমবার নগরীর নন্দনকাননের ফুলকি স্কুল প্রাঙ্গণে এ মেলার আয়োজক ছিল
পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার-পিএসটিসি।
সকালে জাতীয় সঙ্গীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজীমুল ইসলাম, শিক্ষাবোর্ডের উপ-সচিব ড. মাহাবুল হাসান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল্লাহ, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক শেখ মো. রুকুনুদ্দিন ও যুব অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. মোখলেসুর রহমান।
সভায় বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে বয়ঃসন্ধিকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময়ে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও শারীরিক পরিবর্তন সম্পর্কে সচেতন করার কোন বিকল্প নেই।
মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে শারীরিক স্বাস্থ্য বিষয়ক পাঠ সংযোজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেন তারা।
পাশাপাশি একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সংকোচ ও জড়তা কাটিয়ে উঠে এ বিষয়ক পাঠ-আলোচনা ছড়িয়ে দেওয়ার অভিমত দেন বক্তারা।
ইয়ুথ ফোরামের চেয়ারপারসন যুব প্রতিনিধি উম্মে হাবিবা জেরিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পিএসটিসি (ইউবিআর) প্রকল্পের চট্টগ্রামের সমন্বয়কারী সৈয়দ মো. নুরুদ্দিন ও ডা. শারমিন জাহান হক।
