জামাই-শাশুড়িকে গ্রেপ্তার চুরির অভিযোগে
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসায় চুরির অভিযোগে সম্পর্কে জামাই-শাশুড়ি দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- বাকলিয়ার তক্তারপুল এলাকার রিকশাওয়ালা নাদিম (২৬) এবং বাকলিয়া এলাকার আবদুস সোবহান রোডের বাসিন্দা হোসনে আরা (৪৫)। তিনি কুমিল্লার মুরাদনগরের মৃত নজরুল ইসলামের স্ত্রী। আর নাদিমের বাড়ি রাজধানীর ডেমরায়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সোমবার সকালে চট্টগ্রামের বাকলিয়ার রাহাত্তারপুল মোড়ের ফুলকলির সামনে থেকে চুরি যাওয়া ল্যাপটপসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজনই দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে বাসাবাড়িতে চুরি করে আসছে।
“সোমবার দুজনই নগরীর বিএড কলেজ গেইটসংলগ্ন কামাল উদ্দিন চৌধুরীর বাসায় ঢুকে ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে। পুলিশের সন্দেহ হলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি ধরা পড়ে।
ওসি মহসিন বলেন, তারা নগরীর চান্দগাঁও, কোতয়ালী ও বাকলিয়া এলাকায় তিনবছর ধরে চুরি করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা দুজন সকালে রিকশা নিয়ে বের হন। ঘুরতে ঘুরতে কারও বাসার দরজা খোলা পেলে তারা ভেতরে ঢুকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রী চুরি করেন।
