কোনো ঐতিহাসিক বিবাদ নেই: চীনা পররাষ্ট্রমন্ত্রী
চীন ও বাংলাদেশের মধ্যে কোনো ঐতিহাসিক বিবাদ ও সংঘাত ছিল না বলে জানিয়েছেন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সোমবার চীনা এক টেলিভিশনের খবরে বলা হয়, গত রোববার বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ওয়াং ই বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক শুধু বন্ধুত্ব ও সহযোগিতার।
তিন দিনের সফর শেষে সোমবার ঢাকা ছাড়েন ওয়াং ই। বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।
গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের পথ অনুসরণ করে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে, যার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী চীন।
প্রথম সফরে গত শনিবার বাংলাদেশে এসে আগামী বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উদযাপনের বিষয়ে আলোচনা করেছেন ওয়াং ই।
সফরে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপনে বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে চীন।
বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়ে নিজেদের আগ্রহের কথা আবারও জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের সঙ্গে ‘ঐতিহাসিক দ্বন্দ্ব ও সংঘাত ছিল না’ চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট না হলেও তিনি বাংলাদেশকে নতুনভাবে দেখার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অত্যন্ত পরিষ্কার।
তিনি বলেছেন, কৃষি উৎপাদন, বিজ্ঞান-প্রযুক্তি ও যন্ত্রকৌশল খাতে ‘উন্নত অভিজ্ঞতা ও দক্ষতা’ বাংলাদেশের সঙ্গে বিনিময় করতে প্রস্তুত চীন।
এছাড়া রেল ব্যবস্থাপনা জনবলে সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি ও বৈদ্যুতিক নেটওয়ার্কে সহযোগিতা করতেও প্রস্তুত চীন।
আগামীতে ১০০ বাংলাদেশিকে দেশটি সফরের আমন্ত্রণ জানাবে চীন এবং ১৬০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে। এছাড়া ১০০ বাংলাদেশি শিক্ষককেও প্রশিক্ষণ দেবে দেশটি।
চীন-বাংলার মধ্যে সম্পর্ক প্রায় দুই হাজার বছরের পুরনো হলেও ১৯৭১ সালে কমিউনিস্ট রাষ্ট্রটি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিতেও বাধা দিয়েছিল দেশটি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরবর্তী সরকারগুলোও দুদেশের মধ্যে সম্পর্কের চর্চা করেছে।
জুনে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিক মন্তব্য করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ এইচ এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতু হিসেবে কাজ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
আগামী মাসে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উদযাপনের অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আশা করা হচ্ছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশের পক্ষ থেকে চীনা ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
