দুর্ঘটনায় মৃত্যুতে চালকের কারাদণ্ড
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য তিন বছর কারাভোগ করতে হবে সোহাগ পরিবহনের এক বাসচালককে।
দণ্ডিত জামাল হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর বকচর গ্রামের বাসিন্দা।
অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তাকে চাপা দেওয়ার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা সোমবার এই গাড়িচালককে ছয় বছরের কারাদণ্ডের রায় দেন।
২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সোহাগ পরিবহনের বাসচাপায় নিহত হন প্রাতভ্রমণে বের হওয়া মনোয়ার হোসেন নামের ওই কর্মকর্তা।
ওই দিনই তার ছোট ভাই মোমাজ্জাদ হোসেন শেরেবাংলা নগর থানায় অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে চালক জামাল হোসেনকে আসামি করে মামলা করেন।
রাষ্ট্রপক্ষে আটজন এবং আসামি পক্ষে দুই জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক মামলার রায় দেন।
আদালতের পেশকার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডবিধির ২৭৯ এবং ৩০৪ (বি) এ দুটি ধারায় বিচারক বাসচালক জামালকে সাজা দেন।
২৯৭ ধারায় আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে আরও একমাস কারাভোগ করতে হবে তাকে।
ওয়ারীতে নিজেদের বাসায় শিশু হাসানকে গলাকেটে হত্যায় ঢাকার একজন মহানগর হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল নামের এক যুবক।
৩০৪ এর ‘বি’ ধারায় দেওয়া হয় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা। এ ধারায় জরিমানার টাকা না দিলে আরও দুই মাস কারাভোগ করতে হবে আসামিকে।
তবে দুটি সাজা একসঙ্গে কার্যকরের নির্দেশনা থাকায় জামালকে তিন বছর সাজা ভোগ করতে হবে।
রায়ের প্রতিক্রিয়ায় বাদী মোমাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চালকের অবহেলায় মৃত্যু আসলে হত্যা। এসব ক্ষেত্রে আইন পরিবর্তন করে সাজার মেয়াদ বাড়ানো উচিত।”
আইনমন্ত্রী আনিসুল হক ইতোমধ্যে বলেছেন, সড়কে দুর্ঘটনার জন্য শাস্তি বাড়িয়ে এই সংক্রান্ত আইন সংশোধন করা হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) সাবেক মহাপরিচালক মনোয়ারের (৬০) বাসা লালমাটিয়ায়। তিনি সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে নিয়মিত প্রাতঃভ্রমণে যেতেন।
ঘটনার দিন জামাল তার বাসটিকে ঘোরানোর জন্য দ্রুত গতিতে হঠাৎ পেছনের দিকে নিলে মনোয়ার বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
