২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-বাংলাদেশ সড়ক-রেল যোগাযোগ চান রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2014, 10:49 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

বাংলাদেশ সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ-চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও জনগণের সম্পর্ক উন্নয়নে চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর‌্যন্ত সরাসরি রেল ও সড়ক যোগাযোগের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।”

রাষ্ট্রপতি এসময় বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিআইএম ইসি) প্রতিষ্ঠায় চীনের কার‌্যকরী ভূমিকার প্রশংসা করেন।

আবদুল হামিদ বলেন, দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ আরও বেশি চীনা বিনিয়োগ আশা করে।

বাংলাদেশের শ্রমঘন শিল্পে চীনা উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগ করার উদ্যোগ নিতে চীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এসময় তার সাম্প্রতিক চীন সফরের কথা তুলে ধরে আতিথেয়তার জন্য দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশ সফরে আমন্ত্রণের কথা পুনরায় উল্লেখ করেন তিনি।

সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করতে সবসময় আগ্রহী। অর্থনৈতিক সহযোগিতার জন্য আমাদের নিবিড় ও সমন্বিত অংশীদারিত্ব স্থাপন করতে হবে।”

দু’দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরেও জোর দেন তিনি।

পররাষ্ট্র সচিব শহীদুল হক, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং রাষ্ট্রপতির কার‌্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।