২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর চোখ উপড়ে ফেলার অভিযোগে গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ খানে এক পোশাক শ্রমিকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 01:11 AM

Updated : 22 Aug 2022, 08:09 PM

গ্রেপ্তার বিদ্যুৎ মিনা (৩৫) পেশায় অটোরিকসা চালক। সোমবার সন্ধ্যায় ওই এলাকার দক্ষিণ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দক্ষিণ খান থানার ওসি মোহাম্মদ শামীমুর রশীদ জানিয়েছেন।

যৌতুকের দাবিতে বিদ্যুৎ তার স্ত্রী সানজিদা আক্তারের চোখ উপড়ে ফেলে বলে অভিযোগ করেছেন আহতের ভাই শহীদুল ইসলাম।তারা বিদ্যুতের বিরুদ্ধে মামলাও করেছেন।

বিদ্যুৎ স্ত্রী ও দুই সন্তান অনিক (৮) ও জ্যোতি(৬)কে নিয়ে দক্ষিণ পাড়ার ১১/১ নম্বর বাসায় দুটো ঘর নিয়ে থাকতেন। সানজিদা কাজ করতেন ওই এলাকার নিপা গার্মেন্টসে।

সানজিদা এখন আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে তার এক দফা অস্ত্রোপচার হয়েছে। দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় আছেন তিনি।

মাদারীপুরের শিবচর থানার বদরসুন গ্রামের সানজিদার সঙ্গে ১০ বছর আগে একই এলাকার উরুর চরের সিরাজ মিনার ছেলে বিদ্যুৎ মিনার বিয়ে হয়।

বিয়ের সময় বিদ্যুৎকে ১ লাখ ৮০ হাজার টাকা যৌতুক দেওয়ার প্রতিশ্রুতি ছিল জানিয়ে শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় মাস আগে অটোরিকশা কেনার জন্য ১ লাখ টাকা দেওয়া হয়েছিল।

বাকি ৮০ হাজার টাকার জন্য বিদ্যুৎ প্রায়ই সানজিদাকে মারধর করতেন বলে শহীদুলের অভিযোগ।

বিদ্যুতের পাশের ঘরের ভাড়াটিয়া আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে তার স্ত্রী বিদ্যুৎকে বাসার দরজায় তালা দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে সন্দেহবশত দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে সানজিদাকে রক্তাক্ত অবস্থায় দেখেন।

হালিমের স্ত্রী দেখেন, সানজিদার হাত-পা খাটের সঙ্গে বাঁধা এবং মুখে গামছা ঢোকানো। তার গাল বেয়ে রক্ত পড়ছিল।

এরপর প্রতিবেশীরা সানজিদাকে উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে নিয়ে যায়। বিদ্যুৎ সেখানে গিয়ে সানজিদাকে চিকিৎসা ছাড়াই বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

মঙ্গলবার সন্ধ্যার পর পুলিশ বিদ্যুৎকে আটক করলে সানজিদাকে তার পরিবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান।

সানজিদার ভাই শহীদুলের মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ খান থানার এসআই মোহাম্মদ শাহজাহান বলেন, বুধবার বিদ্যুৎকে আদালতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড নেওয়ার অনুমতি চাইবেন তারা।