২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বভারতী ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

সফরের শেষ দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 06:57 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে বীরভূম জেলার বোলপুর যান, সেখানেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।

রাষ্ট্রপতি ‘রবীন্দ্র ভবনে’ পৌঁছলে তাকে স্বাগত জানান বিশ্বভারতীয় কালচার অ্যান্ড কালচারাল রিলেশন ডিরেক্টর ও রবীন্দ্র ভবনের অধ্যক্ষ তপতী মুখোপাধ্যায়।

পরে রাষ্ট্রপতিকে জাদুঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রপতিকে বিশ্বকবির ব্যবহার করা‌ বিভিন্ন জিনিস এবং ছবি দেখানো হয়।

অবিভক্ত বাংলায় কুষ্টিয়ার জমিদার থাকার সময়ে রবীন্দ্রনাথ যে নৌকায় চড়তেন, তার একটি মডেলও দেখেন রাষ্ট্রপতি। এই নৌকাটি বাংলাদেশ থেকে বিশ্বভারতীকে দেওয়া হয়।          

পরে বিশ্ববিদ্যালয়টির উদয়ন ভবনে আবদুর হামিদের সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরাও ছিলেন।

দুপুরের পর রাষ্ট্রপতি বিশ্বভারতী থেকে চলে আমার সময় উপাচার্য‌ সুশান্ত দত্তগুপ্ত তাকে বিদায় জানান।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ছয়দিনের সফরে গত ১৮ ডিসেম্বর নয়া দিল্লি আসেন রাষ্ট্রপতি। সোমবার কলকাতা আসেন রাষ্ট্রপতি। এর আগে আগ্রা, জয়পুর সফর করেন তিনি।

মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কলকাতার নেতাজি সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন আবদুল হামিদ।