ঝালকাঠীতে বাস খাদে, নিহত ১০
ঝালকাঠীর রাজাপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত ২২ জন।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে বিশ্বাসবাড়ি এলাকায় ঝালকাঠী-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহতদের মধ্যে আট জনের নাম জানা গেছে।
এরা হলেন পটুয়াখালীর লেবুখালী গ্রামের মো. শাওন (৩৫), তার স্ত্রী ঝর্না (২২), আল মামুন (৪৫), আবুল কালাম (৩৫), বরিশালের অ্যাডভোকেট মুকুলরঞ্জন সিংহ (৩০), কুলসুম (৩৫), পিরোজপুরের কাউখালী উপজেলার দুই বোন শান্তি (২৫) ও সাধনা (২০)।
ঝালকাঠীর সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের রুপম নামের ওই যাত্রীবাহী বাসটি বিকাল সাড়ে ৪টার দিকে রাজাপুর উপজেলার খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাসবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠী সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন সরস্বতী (২৪), মুক্তা (৫০), মোবারক (৩০), মাইনুল (২৮), ফাতেমা (২৪), শাহ আলম (৫২), জুলফিকার (২৮), হানিফ (২৪), শিরিন (৩২), মেরিন (৩০), রুহুল আমীন (৪২), লাভলী (২২), আব্দুল হক (২৮), ইমরান (২৭), আব্দুর রহমান (২৪), আল মামুন (২৬), রেজাউল (৪২), সাইদুল (২৪), নওশের (৪৫) ও ইলিয়াছ (৩৮)।
আনোয়ার হোসেন আরও জানান, বাসটির সামনের চাকা ফেটে গিয়ে সড়কের নির্মাণাধীন কালভার্টের পাশে পড়ে যায়।
ঘটনাস্থল থেকে ঝালকাঠী জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও তাদের উদ্ধারকর্মীরা, পুলিশ, র্যাব ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
