লাগেজ নিয়ে হয়রানিতে ইউনাইটেডকে জরিমানা
লাগেজ নিয়ে যাত্রীকে হয়রানির জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী হাকিম মুহাম্মদ ইউসুফ সোমবার এ জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ দেওয়া হয়েছে বলে ইউনাইটেডের এক কর্মকর্তা জানিয়েছেন।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, সৌদি আরব প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান গত শুক্রবার পরিবারসহ ইউনাইটেডের একটি ফ্লাইটে জেদ্দা থেকে ঢাকায় আসেন।
ঢাকায় নামার পর আটটি লাগেজের মধ্যে তিনটি খুঁজে না পেয়ে ইউনাইটেডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
ইউনাইটেডের আরেকটি ফ্লাইটে তিনটির মধ্যে দুটি লাগেজ এসে পৌঁছালে শাহজাহানকে ফোন করে জানানো হয়। শাহজাহান আরেকটি লাগেজ না পেয়ে ইউনাইটেডের কর্মকর্তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।।
বিষয়টি বিমানবন্দরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের দৃষ্টিগোচর হলে আদালত বসিয়ে ইউনাইটেডকে অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে ইউনাইটেড এয়ারওয়েজের বিপণন ও জনসংযোগ বিভাগের এজিএম কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো এয়ারলাইন্সই ইচ্ছা করে লাগেজ ফেলে আসে না। অনেক সময় ফ্লাইটের ওয়েট বেশি হয়ে গেলে কিছু লাগেজ পরবর্তী ফ্লাইটে নিয়ে আসার বিধান বিশ্বের সব এয়ারলাইন্সেরই রয়েছে।”
“তার(শাহজাহান) লাগেজ হারিয়ে যায়নি। পরবর্তী ফ্লাইটে সেটি এসে পৌঁছাবে। তবে আইনের প্রতি ইউনাইটেড সব সময় শ্রদ্ধাশীল, তাই তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।”
