ডিবি পরিচয়ে অপহরণের সময় গণপিটুনি
সীতাকুণ্ডে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় চার জনকে গণপিটুনি দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা।
হাইওয়ে পুলিশ বারআউলিয়া ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন লোক ফৌজদারহাট এলাকা থেকে স্থানীয় স্ক্যাপ লোহার ব্যবসায়ী জমির উদ্দিনকে ডিবি পুলিশ পরিচয়ে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয়।
এ সময় জমির চিৎকার শুরু করলে গাড়িতে থাকা লোকজন তাকে মারধর করতে থাকে।
পুলিশ কর্মকর্তা জাকির বলেন, “গাড়িটি ঢাকার দিকে যাওয়ার পথে মাদামবিবিরহাট এলাকায় স্থানীয় লোকজন মারধরের বিষয়টি দেখে গাড়িটি আটক করে।”
গাড়িতে থাকা লোকজন নিজেদের পুলিশ পরিচয় দিলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করে এসময় গাড়িতে থাকা দুইজন লোক পালিয়ে গেলে অন্যদের মারধর শুরু করে স্থানীয়রা।
তিনি জানান, উত্তেজিত জনতা চারজনকে গণপিটুনি দিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটিতে অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ গিয়ে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় জমিরকে উদ্ধার করে ও আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
