চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ-জামায়াত সংঘর্ষ
বিজয় দিবসের শোভাযাত্রায় শ্লোগান দেওয়া নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ ও জামায়াত-শিবির সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার নাককাটিতলা এলাকায় এ সংঘর্ষে আহতদের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, সকালে নাককাটিতলা এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে একটি সাইকেল শোভাযাত্রা বের করেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর হামলা করলে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আওয়ামী লীগের ঢাইনগর ইউনিয়নের এক ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, কর্মী শরীফুল ইসলাম এবং জামায়াতকর্মী হাফিজুর রহমানসহ অন্তত ১০জন আহত হন।
পরে এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওনি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শোভাযাত্রা থেকে জামায়াতকর্মীরা আওয়ামী লীগ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলে স্থানীয়রা তাদের প্রতিরোধ করে।
