চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪
চুরি করার পর বিক্রির সময় দুই সপ্তাহ বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে র্যাব, এতে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চার নারীকে।
সোমবার বিকালে নবাবগঞ্জের ১৩১/৩ জেএম শাহ রোডের একটি টিনশেডের বাসায় ছদ্মবেশে শিশু কিনতে যান র্যাব সদস্যরা।
সেখান থেকেই শিশুটিকে উদ্ধার এবং ফরিদা (৪২), জাহানারা (৫০), ফেরদৌসি (৪০) ও রোজিনা (৪৫) নামে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৩ এর অধিনায়ক গোলাম সরোয়ার জানিয়েছেন।
কন্যা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে র্যাব। তবে বাবা-মাকে ফিরে না পেলে শিশুটির ভবিষ্যত আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
র্যাব কর্মকর্তা সরোয়ার ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, শিশুটি চুরির সঙ্গে জড়িতরা তাকে কোন জায়গা থেকে চুরি করেছে জানতে পারলে সেই এলাকা সংশ্লিষ্ট থানায় অথবা লালবাগ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হবে।
তিনি বলেন, “গ্রেপ্তার নারীরা শিশু চুরি চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিশু চুরি করে তা নিজেদের কাছে এনে কয়েকদিন লালন পালন করে মানুষের কাছে বিক্রি করত।”
তবে ফেরদৌসি বলেন, “আমি বাচ্চা চুরির সঙ্গে জড়িত না। আমার স্বামী বাবুলের বড় বউ মনোয়ারা বাচ্চা চুরির ব্যবসা করে। সে হাসপাতালে টাকা দিয়া কিছু দালাল ঠিক করে রাখসে। কেউ শিশু কিনতে চাইলে মনোয়ারার দালালরা তাদের সহযোগিতা করত।
“আমি সব কইয়া দিমু। কারণ আমি দোষী না। আমারে বিনা কারণে গ্রেপ্তার করছে র্যাব।”
র্যাব কর্মকর্তা সরোয়ার বলেন, মনোয়ারা ও তার স্বামী বাবুল পলাতক আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফেরদৌসি দাবি করেন, ৫০ থেকে ৭০ হাজার টাকায় শিশুদের বিক্রি করা হয়। গ্রেপ্তার ফরিদা, জাহানারা, রোজিনা এর দালাল। তবে বিক্রির টাকা থেকে তারা ২ হাজারের বেশি টাকা পেতেন না।
শিশুটি কোন জায়গা থেকে চুরি হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে র্যাব। তার অভিভাবক পাওয়া গেলে তাদের ডিএনএসহ উপযুক্ত প্রমাণ দেখিয়ে শিশুটিকে বুঝে নিতে হবে।
তবে তারা কতদিন শিশুটিকে নিরাপত্তা দেবেন সে বিষয়েও আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকবেন জানিয়ে র্যাব কর্মকর্তা সরোয়ার বলেন, “শিশু চুরির ঘটনায় মামলা হতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আদালতের এখতিয়ার। তারা যখন যে সিদ্ধান্ত নেবেন, র্যাব তা বাস্তবায়ন করবে।”
পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপকমিশনার ফাতিহা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ছোট শিশুদের ক্ষেত্রে প্রথমে মামলা হলে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত হয়। শিশুটি বেশি ছোট হলে বা অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়।
“এমনও নজির আছে দুই মাস বয়স পর্যন্ত কোনো শিশু হাসপাতালেই ভর্তি ছিল। তারপর তার অভিভাবকের সন্ধানে পত্রিকা বা টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তারপও অভিভাবকের সন্ধান না পেলে আমরা আদালতের কাছে যাই,” বলেন তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, কেউ এমন কোনো শিশুকে দত্তক নিতে চাইলে তাকে আদালতের মাধ্যমে কাজ করতে হয়। অর্থাৎ এমন শিশুদের ভবিষ্যত কি সেটি ঠিক হয় আদালতে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত কখনও কাউকে দত্তক নেওয়ার অনুমতি দেন, আবার সেই রকম কাউকে পাওয়া না গেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রাজধানীর আজিমপুরে অবস্থিত ‘ছোটমনি নিবাস’ নামের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
ঢাকার আদালতের আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, চুরি হওয়া শিশুদের অভিভাবক খুঁজে না পেলে আদালত তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। কোন মানবাধিকার সংস্থা, নারী সংগঠন বা কোন নিঃসন্তান দম্পতির কাছে সেইসব শিশুদের হস্তান্তর করার সিদ্ধান্ত দিতে পারেন আদালত।
