২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সংঘর্ষ: গ্রেপ্তার ২৪ জন কারাগারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহতের পর হলে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 08:49 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

পুরনো খবর:

চবিতে সংঘর্ষ: মামলা হয়েছে অস্ত্র আইনে
চবির প্রশাসনিক ভবন ঘেরাও, ভিসি অবরুদ্ধ
ফুল দিয়ে এসেই গোলাগুলিতে ছাত্রলীগ, নিহত ১
হলে ওঠার ২৪ দিনের মধ্যে লাশ হল তাপস

সোমবার বিকালে চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে তাদের হাজির করা হলে তিনি এই আদেশ দেন।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো আবেদন ছিল না বলে আদালত পুলিশের পরির্দশক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে ফেরার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের বগিভিত্তিক দুই সংগঠন ‘ভিএক্স’ ও ‘সিএফসি’।

এসময় শাহ জালাল হল থেকে একপক্ষের ছোড়া গুলিতে প্রাণ হারান শাহ আমানত হলের তৃতীয় তলায় থাকা তাপস সরকার। সিএফসি গ্রুপের দাবি, তাপস তাদের কর্মী।

সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপস সুনামগঞ্জের জামালগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বাবুল সরকারের ছেলে।

এরপর শাহজালাল হলে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়।  

শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার সকালে পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করে।

চোখের জলে তাপসকে স্মরণ

সংঘর্ষের পরদিন সোমবার সারাদিন বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতির মধ্যে ছাত্রলীগের সিএফসি গ্রুপ হত্যামামলা করাসহ নানা দাবিতে বিক্ষোভ করে।

এর মধ্যে সংস্কৃত বিভাগ স্মরণ সভা করে, যেখানে তাপসের কাছের বন্ধুরা সারাদিন স্মৃতিতে স্মরণ করেন তাপসকে।

বিভাগের অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদার বলেন, শিক্ষক-শিক্ষার্থী সবার সঙ্গেই আনন্দে মেতে থাকতেন তাপস।

“ও ছিল সদা হাস্যময়। ক্লাস-পরীক্ষায়ও নিয়মিত ছিল সে।”

সুপ্তিকণা মজুমদার যখন কথা বলছিলেন, তখন তাপসের সহপাঠীদের চোথে ছিল জল।

সংস্কৃত বিভাগের শিক্ষার্থী চন্দন কুমার দের সঞ্চালনায় ওই স্মরণ সভায় বক্তব্য রাখেন পালি বিভাগের অধ্যাপক ড. জিনোবোধি ভিক্ষু, সহকারী অধ্যাপক ড. জ্ঞানরত্ম থের, সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাধ ও প্রভাষত রাজপতি দাশ।

Image
তাপস হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভে ছাত্রলীগের সিএফসি গ্রুপ।

তাপস হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভে ছাত্রলীগের সিএফসি গ্রুপ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ধনরঞ্জন ত্রিপুরা, ছোটন দে, অপু পাল, রাজিয়া সুলতানা, অমিত পাল ও হাফিজুর রহমান।

তাপসের সঙ্গে একই হলে থাকা ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে ফুল দিতে একসঙ্গেই গিয়েছিলেন তারা।

“ফুল দিয়ে আমি নাস্তা খেতে চলে যাই। তখন হলের দিকে যায় তাপস।”

কিছুক্ষণ পর শরীফ খবর পান সংঘর্ষের তাপস গুলিবিদ্ধ হয়েছে। এরপর দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাপস।