চবির প্রশাসনিক ভবন ঘেরাও, ভিসি অবরুদ্ধ
ছাত্রলীগকর্মী তাপস হত্যাকারীদের গ্রেপ্তার ও মামলা দায়েরের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে সংগঠনটির একাংশ, যাতে আটকা পড়েছেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।
সোমবার বেলা পৌনে ২টার দিকে ক্যাম্পাসে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগ কর্মীদের ‘গ্রুপ’ সিএফসির শতাধিক নেতাকর্মী প্রশাসনিক ভবন ঘেরাও করে।
এ সময় নেতাকর্মীরা তাপস সরকারের হত্যাকারীদের গ্রেপ্তার, হত্যা মামলা দায়ের ও প্রক্টরের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকে। তারা প্রশাসনিক ভবনের কয়েকটি জানালার কাচও ভাংচুর করে।
সিএফসি গ্রুপের নেতা এবং ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
এ ঘটনায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল বলেন, “উপাচার্য তার কার্যালয়ে আছেন। আর ছাত্ররা ভবনের নিচে অবস্থান করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এর আগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে ‘সিএফসি’ গ্রুপের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. খায়ের জানান, বেলা ১২টার দিকে সিএফসি গ্রুপের কর্মীরা মূল ফটকে তালা দেয়। আধা ঘণ্টা পর তা খুলে দেওয়া হয়।
এরপর বেলা ১টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন সিএফসি গ্রুপের নেতাকর্মীরা।
সুমন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রক্টরের অপসারণ ও দুপুরের মধ্যে মামলা করার দাবির বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় ‘ভিএক্স’ কর্মীদের বিচার না হওয়ায় রোববারের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ওই পক্ষটিকে ‘প্রশ্রয় দিচ্ছে’ বলেও অভিযোগ ছাত্রলীগ নেতা সুমন মামুনের।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে হলে ফেরার পথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের ওই দুটি পক্ষ।
এ সময় এক পক্ষের ছোড়া গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সংস্কৃত বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপস সরকার।
ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘সিএফসি’ গ্রুপের কর্মীরা তাপসকে নিজেদের কর্মী বলে দাবি করে।
এদিকে সংঘর্ষে ছাত্র নিহত হওয়ার পরদিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। কয়েকটি বিভাগে পরীক্ষা চললেও অধিকাংশ বিভাগের ক্লাস হয়নি।
