রাজধানীতে অস্ত্র-মাইক্রোসহ ১০ জন গ্রেপ্তার
রাজধানীতে অভিযান চালিয়ে তিনটি মাইক্রোবাস ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ছয় জন ‘ডাকাত’ ও চার জন ‘ছিনতাইকারী’ বলে পুলিশের দাবি।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, সোমবার ভোর ৪টায় পূর্ব রামপুরা থেকে এবং এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আখতার, মো. আফতাব হোসেন, মো. হানিফ, মো. হেলাল মাতুব্বর ও মো. সুমন আলী আপেল, মো. জুয়েল হোসেন, রিয়াজ, মো. মাসুদ, মো. সাইফুল ইসলাম ও বিল্লাল।
এ সময় তাদের কাছ থেকে দুটি মাইক্রোবাস, ছোরা ও চাকু উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের এই যুগ্ম কমিশনারের দাবি, “গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে রাজধানীর মাইক্রোবাসে করে বিভিন্ন সড়কে ডাকাতি করতো। কখনো চালের ট্রাক, কখনো মূল্যবান জিনিসপত্রের ট্রাক থামিয়ে সেগুলো ডাকাতি করতো।”
এদিকে, আগের রাতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাহবুব উর রশীদের নেতৃত্বে আরেকটি দল পূর্ব রামপুরার নিরিবিলি গলি থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করে।
এই চারজন দীর্ঘদিন ধরে গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছেন মনিরুল ইসলাম।
এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর রাত পৌনে ১২টায় তেজগাঁওয়ের ফ্যালকন টাওয়ারের সামনে থেকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি প্রাইভেটকার ছিনতাই করেছিল।
তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ম্যাগাজিন, গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
