২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকায়ও ডাকাতি করে ওরা’

চট্টগ্রামে সোনার দোকানে হানা দেওয়া ডাকাত দলটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতিতে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 11:33 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

পুরনো খবর:

গয়নার দোকানে ডাকাতি: দুই মামলায় আসামি ১১

এই দলে ৪০ জনের মতো সদস্য রয়েছে, যারা সোনার দোকানের পাশাপাশি সম্পাদশালীদের বাড়িতে হানা দিয়ে থাকে বলে চট্টগ্রামের কোতয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।

শনিবার রাতে বন্দর নগরীর জিপিওর বিপরীতে দুটি সোনার দোকানে বোমা ফাটিয়ে-গুলি ছুড়ে ডাকাতির চেষ্টা করে এই দলের সদস্যরা।

এর আগে তারা ফেনী, যশোরন ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সোনার গহনার দোকানে ডাকাতি করেছে বলে ওসি জানিয়েছেন।

দলটির ২০ জনের পূর্ণাঙ্গ ঠিকানাও যোগাড় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাকিদেরও চিহ্নিত করার কাজ চলছে।”

শনিবার ডাকাতদের ছোড়া বোমায় এক পথচারী মারা যায়। আহত হয় আরও দশজন। পুলিশ গ্রেপ্তার করে তিন ডাকাতকে।  

অস্ত্রসহ গ্রেপ্তার ইমতিয়াজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক মামলা আছে জানিয়ে ওসি সেলিম বলেন, “তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলাও আছে।”

মাগুরা থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর দুইমাস আগে বাবুল জামিনে বেরিয়ে আসেন বলে জানান ওসি সেলিম।   

জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সেলিম বলেন, “শনিবার সোনার দোকানে বিস্ফোরণ ঘটানো বোমাগুলোতে জুতার পেরেক ব্যবহার করা হয়। সেকারণে হতাহতদের শরীরে জখম বেশি হয়।”

এ ঘটনার দুই দিন আগে ডাকাত দলের দুই সদস্য দোকান দুটি ঘুরে যান। শুক্রবার গিনি ফ্যাশন জুয়েলার্স থেকে একটি নাক ফুলও কেনেন তারা।

গ্রেপ্তারদের বরাত দিয়ে ওসি সেলিম বলেন, “শনিবারের ডাকাতিতে গাড়ির চালকসহ মোট ১২ জন অংশ নেয়। এর মধ্যে অপরূপা জুয়েলার্সে পাঁচজন ও গিনি ফ্যাশন জুয়েলার্সে চারজন করে মোট নয়জন দোকানে ঢোকে, কালাম ও মনির নামের দুজন দোকানের বাইরে দাঁড়িয়ে বোমার বিস্ফোরণ ঘটায় এবং চালক গাড়িতে বসা ছিল।”

রাত ৮টার সময় পুলিশের পালাবদলের সময়কে তারা ডাকাতির জন্য বেছে নেয় বলেও জানান তিনি।

“ভেতরে ঢোকা ডাকাতদের মধ্যে বাবুল পিস্তল দিয়ে ও পলাতক হাসান শটগান দিয়ে গুলি ছোড়ে। অপরূপা জুয়েলার্সে বাধা দিলে এক কর্মচারীকে কুপিয়ে জখম করে।”

বাবুলসহ পাঁচজন পাঁচদিন আগে চট্টগ্রামে আসেন। এরপর নগরীর ফয়’স লেকে বাবুল তার দ্বিতীয় স্ত্রীর বাসায় এবং বাকিরা বিভিন্ন জায়গায় ওঠেন।

ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে অন্যরা শুক্রবার চট্টগ্রাম আসেন।

অটোরিকশা চালক থেকে ‘বড় ডাকাত’

শনিবার ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ইমতিয়াজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে নগরীতেই অর্ধ শতাধিক ডাকাতির মামলা আছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত নগরীতে অর্ধ শতাধিক ডাকাতির ঘটনায় তিনি জড়িত বলে জানান তারা।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের ডা. তাহের, জিইসি মোড়ের মদিনা টাওয়ার ও প্যারেড কর্নার এলাকার গাড়ি ব্যবসায়ী মো. বাচ্চুর বাসায় ডাকাতিসহ বিভিন্ন ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বাবুল।

দুটি ডাকাতি মামলার সাবেক তদন্ত কর্মকর্তা ও বর্তমানে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ওই সময়ে এসব মামলায় গ্রেপ্তার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে শারীরিক আকৃতি ও স্বীকারোক্তিতে বাবুলের নাম এসেছিল।

“রোববার তার সাথে কথা বললে সে এসব ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।”

মহসিন বলেন, “জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, এ মামলার আসামি জাকির হোসেনের হাত ধরে ডাকাতিতে প্রবেশ তার। ২০০৪ সালে সে অটোরিকশায় ডাকাতদের বহন করে ১০ থেকে ১২ হাজার টাকা পেত।

“পরে সে নিজেই বড় ডাকাত হয়ে উঠে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”