২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াত সহকর্মীদের পক্ষে ওয়াসা কর্মীদের বিক্ষোভ

জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ১১ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 03:21 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

ওয়াসার পানি বিক্রির ব্যাংক স্লিপ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ১১ জনকে বৃহস্পতিবার বিকালে সাময়িক বরখাস্ত করা হয়।

রোববার সকালে অফিস খোলার পর থেকে শুরু হয় কর্মচারীদের বিক্ষোভ।

এক পর্যায়ে ওয়াসা ভবনের দ্বিতীয় তলায় ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে বসে পড়েন শ্রমিক-কর্মচারীরা। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তিনি।

প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ শেষে শ্রমিক নেতারা ওয়াসার এমডির সঙ্গে বৈঠক করেন। পরে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস পেয়ে বিক্ষোভ স্থগিত করেন কর্মচারীরা।

চট্টগ্রাম ওয়াসার এমডি মো. ফজল্লুলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থ আত্মসাতের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে তিন সদস্যদের একটি কমিটি করা হবে। কমিটি প্রতিবেদন দিলে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

“সাময়িক বরখাস্তদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। তবুও দেখা হবে যাতে কোনো নিরাপরাধ শাস্তি না পায়।”

এমডি’র এ আশ্বাসের পর বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করে।

সাময়িক বরখাস্তরা হলেন- চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী আশিক মাহমুদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, ওভারশিয়ার আবদুর রহিম, চার চালক আলতাব আলী, আবদুর রব, শাহ জামাল ও আমানত খাঁন এবং চার হেলপার আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মো. ইউছুফ ও মো. শাহাদাৎ।

ওয়াসার কর্মকর্তারা জানান, কোনো গ্রাহক ভাউচারের (পানিবাহী গাড়ি) পানি কিনতে চাইলে তাকে একটি চাহিদা ফরম পূরণ করতে হয়।

এরপর জনতা ব্যাংকে টাকা জমা দিয়ে একটি বিতরণ স্লিপ নিতে হয়। এর একটি অনুলিপি থাকে গ্রাহকের কাছে আর অন্যটি ভাউচারের চালকের কাছে।

পানিবাহী একটি বড় ভাউচারের জন্য গ্রাহককে এক ‍হাজার টাকা ও ছোট ভাউচারের জন্য আটশ টাকা জমা দিতে হয়। ‍

এমডি ফজল্লুলাহ বলেন, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ওয়াসার এ ধরনের প্রায় এক হাজার স্লিপ জালিয়াতির মাধ্যমে ১০ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে।

“সম্প্রতি প্রধান রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি চারদিনের প্রাথমিক তদন্ত করে। এতে ১১ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা কাজ থেকে বিরত রাখা। কোনো শাস্তি নয়।”

বিক্ষোভকারী চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোটিশ না দিয়ে ‍সাময়িক বরখাস্ত করায় শ্রম আইনের লংঘন হয়েছে। এক সপ্তাহের মধ্যে বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

“এমডি মহোদয় আশ্বাস দিয়েছেন, কোনো নিরাপরাধ সাজা পাবে না। তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে।”