২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতায় ‘অসহায়’ মেয়র, উদ্যোগী সিএমপি কমিশনার

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নিজের ‘অসহায়ত্ব’ স্বীকারের পর শুধু নালা পরিষ্কার করে সমস্যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে চান সিএমপি কমিশনার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 10:23 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার নগর পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের কর্মসূচি তুলে ধরেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।

জলাবদ্ধতা নিরসনের কাজে সিটি করপোরেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের বদলে জনগণের সহযোগিতা চান তিনি।

এর আগে নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নেওয়া সিসিসির সঙ্গে সিএমপি কমিশনারের যৌথ উদ্যোগ মাঝপথে থেমে যায়।

গত নভেম্বরে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে সিটি করপোরেশনের সঙ্গে যৌথ উচ্ছেদ অভিযান শুরু করেন জলিল মণ্ডল।

কিন্তু ৪২২টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদের লক্ষ্যের এই অভিযান মাত্র ৩৯টি বিলবোর্ড উচ্ছেদের মধ্য দিয়ে ৩ ডিসেম্বর শেষ হয়।

এ বিষয়ে জানতে চাইলে জলিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্তব্য করব না। আমি সহযোগিতার হাত বাড়িয়ে বসে আছি। সব সময় প্রস্তুত আছি। মেয়র মহোদয় বলেছেন, নীতিমালা ভঙ্গ করা বিলবোর্ড উচ্ছেদ করা হবে। কিন্তু তিনি আর ডাকেননি।”

বিলবোর্ড উচ্ছেদে সহযোগিতা না পেলে জলাবদ্ধতা নিরসনে কি করে সিসিসির সহযোগিতা আশা করছেন জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, আমি কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা চাই না। আমি জনগণের সহযোগিতা চাই। জনগণকে নিয়েই এ কাজ সফল করতে চাই।

এর আগে গত ১৫ মে নগরীতে মৌসুমের প্রথম জলাবদ্ধতার পর মেয়র মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেন, প্রতি বছরের খাল-নালার মাটি পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। এজন্য প্রয়োজন নতুন খাল খনন।

এরপর নগরীতে একটি নতুন খাল খননে অর্থও বরাদ্দ দেয় সরকার।

সংবাদ সম্মেলনে আবদুল জলিল মণ্ডল বলেন, “২১ সেপ্টেম্বর সড়কে পরিচ্ছন্নতা অভিযান শুরু করি। এ কাজে নগরবাসী ও রাজনীতিবিদের সহযোগিতা পেয়ে একটু বেশি আশাবাদী হয়েছি।

“একারণে এবার নর্দমাতে হাত দিয়েছি। আটটি করে মোটরসাইকেল নিয়ে নগরীর ১৬টি থানায় ভ্রাম্যমাণ দায়িত্ব (মোবাইল ডিউটি) পালনকারী প্রতিটি দল এ কাজে অংশ নেবে।”

সিএমপি কমিশনার বলেন, প্রতিটি ভবন ও দোকানের সামনে এক থেকে দেড় ফুট গভীর ও ১০ ইঞ্চি চওড়া নালা-নর্দমা আছে। আর্বজনা ও পলিথিন জমে এসব নালা বন্ধ হয়ে গেছে।

“গতকাল পরীক্ষামূলকভাবে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত নালা পরিষ্কার করেছি। জনসাধারণকে আমরা এটা দেখিয়ে দেব। তারাই নিজ উদ্যোগে পরিষ্কার করতে পারবেন। এর জন্য বেশি খরচ হবে না।”

নালা পরিষ্কারে ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে জলিল মণ্ডল বলেন, মূল ড্রেনেও পলিথিন জমে গেছে। কাজ শেষ করতে পারলে মার্চ থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে আর জলাবদ্ধতা হবে না।

নগরীর বিভিন্ন ভবন ও বিপণি কেন্দ্রের সামনে নালার স্ল্যাব দখল করে গাড়ি পার্কিং ও প্রবেশ পথ করা হয়েছে বলে অভিযোগ সিএমপি কমিশনারের।

তিনি বলেন, “এক সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে আশা করি, স্ল্যাব দখলকারীরা তা ভেঙ্গে ফেলবেন। আইন আছে তবে সব জায়গায় আইন প্রয়োগ করতে চাই না।”

শনিবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন শেষেই নালা পরিষ্কার অভিযান শুরু করার কথা।