পদ্মা পারে ফেরি ৫ ঘণ্টা পর চালু
কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ পথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় শনিবার ভোর রাতে বন্ধ করে দেওয়া হয়েছিল ফেরি চলাচল।
কুয়াশা কাটার পর সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানিয়েছেন।
কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে সাতটি ফেরি আটকে ছিল। সকালে সেগুলো গন্তব্যে পৌঁছে।
শীত মৌসুম শুরু হওয়ার এ সময়ে গত কয়েকদিন ধরেই কুয়াশার কারণে রাত থেকে সকাল পর্যন্ত ফেরি পারাপার বন্ধ রাখতে হচ্ছে।
ফাইল ছবি
মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা, বুধবার সকাল ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ১২ ঘণ্টা, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ১৪ ঘণ্টা এবং শুক্রবার রাত ১১ থেকে এক ঘণ্টা এবং সবশেষ শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ৫ ঘণ্টা গুরুত্বপূর্ণ এই ফেরি চলাচল বন্ধ ছিল।
প্রায় প্রতিদিনই দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় নৈশ কোচ ও অসংখ্য ট্রাক আটকা পড়েছে দুই পাড়েই।
শনিবার সকালেও নদীর দুই পাড়ে প্রায় ছয় শতাধিক যান পারাপারের অপেক্ষায় ছিল।
ভোগান্তি কমাতে এ পথের বহরে থাকা ১৬টি ফেরি দিয়েই দুই ঘাট থেকে পারাপার শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তা শেখর রায়।
