গাজীপুরে ভ্যানচাপায় নিহত ১
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান চাপায় পরিবারের গৃহকর্তা নিহত ও তার দুই শিশু সন্তানসহ স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম (৪০) কোনাবাড়ীর অ্যাপেক্স কারখানায় কোয়ালিটি কন্ট্রোলারের পদে চাকরি করতেন। তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে কালিয়াকৈরের হারিণহাটি এলাকার ভাড়া বাসায় থাকতেন।
নজরুল চাঁদপুরের হাইমচর উপজেলার চরবৈরভী গ্রামে আব্দুল খালেক দেওয়ানের ছেলে।
এসআই নাসির উদ্দিন বলেন, “বিকালে সফিপুর বাজারে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কেনাকাটা করতে আসেন নজরুল।
“কেনাকাটা শেষে সন্ধ্যায় বাসায় ফেরার জন্য স্ত্রী ও সন্তানদের নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিয়াকৈরগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নজরুল মারা যান।”
এসময় স্ত্রী সাহার বানু ও দুই ছেলে মহিউদ্দিন ও নয়ন আহত হয়।
আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সালনা হাইওয়ে থানার ওসি মো. দাউদ বলেন, “আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এদিকে পুলিশ আসার আগ পর্যন্ত ১৫-২০ মিনিট নজরুলের লাশ সড়কের ওপর থাকায় মহাসড়কের ওই স্থানের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
পরে এ যানজট সড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটের কবলে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
কালিয়াকৈর থানা পুলিশ, মৌচাক ফাঁড়ি পুলিশ ও কোনাবাড়ী হাইওয়ে পুলিশ প্রায় এক ঘন্টা চেষ্টার পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে থানা পিছু নিয়ে কভার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয় বলে ওসি মো. দাউদ জানিয়েছেন।
