২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে উত্তরে হাসপাতালে বাড়ছে রোগী

ঘন কুয়াশার অবগুণ্ঠনে ঢেকে গেছে গোটা প্রকৃতি। জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশায় ভিজে যাচ্ছে গাছপালা, রাস্তা-ঘাট, মাঠ-প্রান্তর। নিস্তব্ধ রাতের গাছ-গাছালি, ঘরের চালা থেকে টুপটাপ ঝরছে শিশির বিন্দু।

রংপুর প্রতিনিধি

শাহজাদা মিয়া আজাদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 11:10 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

রংপুরসহ পুরো উত্তর জনপদের চিত্র যেন এটি। এরই মধ্যে চলছে মানুষের প্রাত্যহিক জীবন। কাজকর্ম তো আর রেখে দেওয়া যায় না। দিনের বেলায়ও গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলছে মহাসড়কে। 

রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি অবস্থান করার কারণে ঘন কুয়াশা দেখা দিয়েছে। সূর্যের আলো আসতে না পারায় প্রকৃতি উষ্ণ হতে পারছে না। ফলে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।”

তিনি জানান, রংপুরে গত দুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।

শুক্রবার দিনের বেশ খানিকটা বাকি থাকতেই সূর্য হেলে পড়ে দক্ষিণ আকাশে। সে সময় তাপমান যন্ত্রের পারদ নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে।

অথচ গত বুধবারও রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় কুয়াশাও ছিল কম। তাই শীত খুব একটা বেশি অনুভূত হয়নি।

আকস্মিক ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে হিমেল হাওয়া বয়ে চলায় বেকায়দায় পড়েছেন মানুষ। নিম্ন আয়ের ও দরিদ্র মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি।

“মোর এই ৭০ বছরের জেবনে এমন কাহাল ঠাণ্ডা দেকো নাই। মোক একটা কম্বল দেন বাহে। ঠাণ্ডাত মোর ঘুম আইসে না। সারা রাইত কুঁকে কুঁকে থাক। কাঁয়ও মোর খোঁজ-খবরও নেয় না,” এভাবেই শীতে কষ্টের কথা বলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা বাঁধে আশ্রিত বৃদ্ধা বানেশ্বরী।

শীতে অ্যাজমা, শ্বাসকষ্টসহ নানা রোগের প্রকোপ বাড়ছে। এসব রোগ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে রংপুরের সিভিল সার্জন ডা. মোজাম্মেল হক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শীতের কারণে অ্যাজমা, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা শ্বাসকষ্টজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও এসব রোগী ভর্তি হচ্ছে। তবে এখন পর্যন্ত শীতজনিত রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক আব্দুল কাদের খান বলেন, গত বুধবার থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত ৪০ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৫ জন শিশু ও ১৫ জন বৃদ্ধ। ভর্তির পর কারও অবস্থার অবনতি হয়নি। 

শীতে কাবু হয়ে পড়েছেন নগরীর ভাসমান মানুষ ও তিস্তাপাড়ের দরিদ্র বাসিন্দারা। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন তারা।

এখনও জেলা কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়নি।

তিস্তাপাড়ের উপজেলা গঙ্গাচড়ার নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ইউনয়নের বেশিরভাগ মানুষ দরিদ্র। শীতে তারা দুর্বিসহ দিন কাটাচ্ছে। শীতবস্ত্রের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার বলার পরও কাজ হচ্ছে না।”

রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার আট উপজেলায় সাত হাজার ২০০টি কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। দুয়েক দিনের মধ্যে তা বিতরণ শুরু হবে।

এছাড়া আরও ৩০ হাজার কম্বল চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এদিকে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাজধানী থেকে ছেড়ে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন দুই থেকে আড়াই ঘণ্টা বিলম্বে রংপুরে এসেছে।

রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর এক্সপ্রেস সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর স্টেশনে আসার কথা। সেটা আসছে রাত ১০টা থেকে সাড়ে ১০টায়। ঘন কুয়াশার কারণে হেডলাইটের আলোতে রেললাইন দেখা যাচ্ছে না, তাই ধীরগতিতে ট্রেন চালাতে হচ্ছে।”

ঢাকা-রংপুর চলাচলকারী বাসগুলোও বিলম্বে আসছে।

এসআর ট্রাভেলসের চালক আজমল হোসেন বলেন, বগুড়ার পর থেকে কুয়াশা  বেশি মাত্রায় ঘন। হেডলাইটের আলোতেও সামনের রাস্তা দেখা যাচ্ছে না। ফলে গতি কমিয়ে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে গাড়ি চালাতে হচ্ছে।

রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোন্নাফ আলী বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে গাড়িতে উঠেছি। রাত ১টায় রংপুরে পৌঁছার কথা, সেখানে পৌঁছেছি শুক্রবার সকাল ৬টায়।” 

ঘন কুয়াশার কারণে আলু খেত ও বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। কুয়াশা ও তীব্র শীতের মধ্যে আলুর চারায় পচন রোগ দেখা দিয়েছে। বোরো বীজতলাও ক্ষতির মুখে পড়েছে।

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জুলফিকার হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কৃষককে রাতভর বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পাশাপাশি বিকাল থেকে স্বচ্ছ পানিতে বীজতলা ডুবিয়ে রেখে সকালে সে পানি ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি লিটার পানিতে ১৫ গ্রাম ইউরিয়া ও ১০ গ্রাম জিপসাম মিশিয়ে বীজতলায় স্প্রে করার পরামর্শও দেওয়া হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে পরামর্শমূলক প্রচারপত্র বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

বর্তমানে তাপমাত্রা কমার পাশাপাশি মেঘলা আবহাওয়ার প্রভাবে বেশি শীত অনুভূত হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে।

এ পরিস্থিতি আরো চার/পাঁচ চলতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।