২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র নয়, বিএনপির আন্দোলনের কফিন কবরে: কাদের

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের পাল্টা জবাব দিয়ে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্র নয়, বিএনপির আন্দোলনের কফিন কবরে গেছে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 09:12 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, আন্দোলন করার মতো সক্ষমতা বিএনপির আর নেই। দল হিসেবে তারা খুবই সংকটাপন্ন।

“বাস্তবে বিএনপির আন্দোলনের কফিন কবরে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের কথা তারা বললেও মূলত তা দল রক্ষার আন্দোলন।”

বৃহস্পতিবার মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া বলেন, “বর্তমানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন। গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, “আমাদের আন্দোলনে নেতারা মাঠে থাকতেন। কোথাও ২৫ জন লোক দাঁড়ালে, তার ২২ জনই থাকতেন নেতা। কর্মীরাও এতে উৎসাহ পেত। কিন্তু বিএনপির নেতারা কর্মসূচি দিয়ে এসি রূমে বসে থাকেন। কর্মীরা হতাশ হয়ে বাড়ি ফিরে যান।

“অমুক ঈদের পর আন্দোলন, তমুক ঈদের পর আন্দোলন- এরকম অনেক কথাই তো শুনলাম। কিন্তু বাস্তবে কী দেখা গেলো,” প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।

আলোচনায় আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)নির্বাচন দেয়ার বিষয়টি নিয়েও কথা বলেন মন্ত্রী।  

ঢাকা সিটি কর্পোরেশনের পঞ্চম দফা নিয়োগ পাওয়া দুই প্রশাসকের মেয়াদ ফুরিয়ে আসায় গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ডিসিসি নির্বাচন আগামী জানুয়ারিতেই অনুষ্ঠানের তাগিদ দেন বলে গণমাধ্যমে খবর আসে। তবে মন্ত্রিপরিষদ সচিবের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কিছু বলা হয়নি।

পরদিন মঙ্গলবার বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসিসি নির্বাচনের কথা বলে সরকারবিরোধী আন্দোলন থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর ‘অপকৌশল’ নিয়েছে।

আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুলের ওই কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, “মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ডিসিসি নির্বাচনের কথা বলেছেন। আগামী দুই তিন মাসের মধ্যে সীমানা জটিলতার সমাধান করে নির্বাচন দেয়া হবে।

“ডিসিসি নির্বাচনকে বিএনপি ভয় পাচ্ছে। আর সে কারণেই মির্জা ফখরুল সাহেব এধরনের কথা বলেছেন।”

সরকার বিরোধী আন্দোলনে বিগত দিনের নাশকতার কথা উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, “নতুন করে নাশকতা হলেও তা কঠোর হাতে দমন করা হবে। আন্দোলন করুন সমস্যা নেই।

“কিন্তু আন্দোলনের নামে নাশকতা করা হলে, জনগণের যান-মালের নিরাপত্তায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে। কঠোর হাতে সেই নাশকতা দমন করবে।”

আলোচনা সভার সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, শহীদ বুদ্ধিজীবী কন্যা চিকিৎসক নুজহাত চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ এতে বক্তব্য দেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতারা আলোচনায় উপস্থিত ছিলেন।