কাদের মোল্লার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা চান সুরঞ্জিত
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে তার ছেলে হাসান জামিলের বক্তব্য আদালত অবমাননার শামিল মন্তব্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “কাদের মোল্লার ছেলের বক্তব্য খুব স্পর্ধার, আপত্তিকর এবং সংবিধান লংঘন এবং আদালত অবমাননা। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে আমি সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাব।”
আগের দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের আদেশে কার্যকর হওয়া কাদের মোল্লার ফাঁসিকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করেন তার ছেলে হাসান জামিল।
“আমার বাবা দুনিয়া থেকে বিদায়ের আগে জানতেই পারল না, সংবিধান অনুসারে তার রিভিউ করার অধিকার আছে কি না। যখন আইনের পূর্ণাঙ্গ আশ্রয় নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তখন সেটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছু নয়,” বলেন তিনি।
তার এ বক্তব্য আদালত অবমাননার শামিল বলে বৃহস্পতিবারই প্রতিক্রিয়ায় বলেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
কিন্তু একদিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কাদের মোল্লার পোলা আইয়া কয়, সুপ্রিম কোর্ট নাকি তার বাপরে হত্যা করছে। আপনারা কী করতেছেন, এইটা তামশা?
“এইভাবে বিচার হইয়া, এতোদিনে আপিল হইয়া গেল-এখন এই কথা একটা কনটেম্পট।পিটিশন করতে পারেন না? কোর্ট কি তাদের এগুলো সুরক্ষার জন্য যথেষ্ট শক্তি রাখে না?”
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অবহেলা করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। কামারুজ্জামান নিয়া কত কাণ্ড আপনারা করলেন।
“একজন কয় পাঠায়া দিছি। আরেকজনে কয়, না কিছু না। এরপর দেখা যায়, কাদের মোল্লার মামলায় সুপ্রিম কোর্ট ‘অন্তর্নিহিত ক্ষমতায়’ দিল- যুদ্ধাপরাধ মামলায় রিভিউ করা যাবে। অথচ আমার অ্যাটর্নি জেনারেল অফিস আর আইন মন্ত্রণালয়ের খবরই নাই।
“তারা বলল- রিভিউ করার প্রভিশন নাই। তাইলে অর্ডার কই? কই অর্ডারতো লেখা হয় নাই। এগুলো আরেকটু দেখে শুনে, আরেকটু সাবধানতার সঙ্গে করতে হবে।”
গত বছর ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগে যুদ্ধাপরাধ মামলার প্রথম রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের রায় হয়। রায় প্রকাশের পর ১০ ডিসেম্বর ফাঁসি কার্যকরে উদ্যোগ নিলে কাদের মোল্লার আইনজীবীদের আবেদনে চেম্বার বিচারপতি দণ্ড কার্যকর স্থগিত করে দেন।
কাদের মোল্লাকে বাঁচাতে রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণের আর্জি জানানো হয়। দ্বিতীয় আবেদনে রায় পুনর্বিবেচনা করে কাদের মোল্লার খালাসের আবেদন করা হয়।
পরে দুই দিন কাদের মোল্লার রিভিউ নিয়ে দুটি আবেদনের শুনানির পর ১২ ডিসেম্বর আদালত তা খারিজ করে দিলে ওই রাতেই ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।
খালেদার প্রতি আহ্বান
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ্যে বলে গেছেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আগামী নির্বাচনে যাতে সব দল অংশগ্রহণ করেন, এই ব্যাপারে আলোচনা হতে পারে।”
তাদের এই বক্তব্যে বিএনপি ও তার জোটসঙ্গীদের ‘শক্তি’ দুর্বল হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
আগামী দিনে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হবে মন্তব্য করে তিনি বলেন, “তার জন্য সর্বোচ্চ আইন সংবিধান অনুসারে নির্বাচনে বিরোধী দলকে আমরা স্বাগত জানাই। রাজপথে আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতা দেশে গণতন্ত্র, সংহতি, সমৃদ্ধি এবং ভাবমূর্তির প্রতি ক্ষতিকর।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আগে কয়, আমেরিকা পরে কয়। আমার মনে হয়, খালেদা জিয়ার ঝাঁপসা দৃষ্টি খুলে যাবে। একটা গণতান্ত্রিক দল হিসাবে ফিরে আসবেন। জামায়াতের মতো একটি যুদ্ধবাজ দলকে নিয়া যা করছেন, তাদের সঙ্গ পরিত্যাগ করা প্রয়োজন।”
জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে সরকার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলছে বলে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তার সমালোচনা করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “সরকার অবশেষে বলল সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন। যেই নির্দেশ দিলেন অমনি ফখরুল সাহেব বলে দিলেন, আন্দোলনকে ধ্বংস করতে এই নির্বাচন।
“নির্বাচন দিলে কন আন্দোলন ধ্বংস করতে এটা হচ্ছে। আর আন্দোলন করে কন, নির্বাচন দাও। আমরা কোনদিকে যাই কন?”
বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত বলেন, “এই দলের আন্দোলনের কোনো অভিজ্ঞতা নেই। ক্যান্টনমেন্টে এদের জন্ম। এই দল ষড়যন্ত্রে চ্যাম্পিয়ন। আওয়ামী লীগ আবার আন্দোলনে চ্যাম্পিয়ন। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন আর রাজাকারিতে বিএনপি চ্যাম্পিয়ন। এগুলো তো প্রতিষ্ঠিত সত্য।”
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, “বিএনপিকে স্পষ্ট ভাষায় বলতে হবে, তারা নির্বাচন চান কি না। সংবিধানে যে নির্বাচনের কথা আছে, স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন উভয়টির কথা বলা আছে।
“সিটি নির্বাচনের কথা প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশনও বলেছে। উভয়টিকে সমন্বয় করে যতো তাড়াতাড়ি সম্ভব করা উচিত। আপনি না চান, নগরবাসী এই নির্বাচন চায়।”
