‘শুটার বিল্লাল’ গ্রেপ্তার
রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে এক চিহ্নিত সন্ত্রাসীকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব শেওড়াপাড়ার ইকরা হোটেলের সামনে থেকে মো. বিল্লাল ওরফে শুটার বিল্লাল (৩৫) নামের ওই সন্ত্রাসীকে লিটন, মিন্টু ও ওয়াসিম নামের তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয় বলে কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম জানিয়েছেন।
তিনি বলেন, “গ্রেপ্তারের সময় বিল্লালের সঙ্গে থাকা একটি ৭.৬২ মডেলের বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২টি গুলিও উদ্ধার করেছে পুলিশ।”
মিরপুর, কাফরুল,পল্লবী ও শেরেবাংলা নগর থানায় বিল্লালের বিরুদ্ধে খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল কাইয়ুম।
তিনি বলেন, “বিল্লাল ভাড়াটে খুনি হিসেবে কাজ করতো। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ। সে পলাতক ছিলো।”
