২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট চট্টগ্রামে

ঘুন কুয়াশার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 09:51 PM

Updated : 15 Jan 2024, 11:11 AM

এক বিমানবন্দরের নির্ধারিত গন্তব্যের বিমান নামছে অন্য বিমানবন্দরে, বিলম্বিত হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক রুটের দুটি বিমানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নেমেছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

বৃহস্পতিবার সকালেও কুয়েত থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তর্জাতিক রুটের আরেকটি বিমান চট্টগ্রামে নামে। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দুটি বিমানই চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়।

এ বিষয়ে শাহ আমানত বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমাণ্ডার নূর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে বিমান দুটি ঢাকায় অবতরণ করতে না পেরে এখানে অবতরণ করে।

“সকাল ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান দুটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।”

ঢাকায় ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানও দেরিতে ছাড়ছে বলে জানান নূর-ই-আলম।

তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দৈনিক গড়ে আর্ন্তজাতিক রুটের সাত থেকে দশটি এবং অভ্যন্তরীণ পথে ১৭ থেকে ২০টি বিমান চলাচল করে।

“কিন্তু ঢাকা থেকে অভ্যন্তরীণ পথের বিমান ছেড়ে আসতে দেরি হওয়ায় আমাদের এপ্রোন ম্যানেজমেন্টেও (রানওয়ে ব্যবস্থাপনায়) কিছুটা সমস্যা হয়। এখান থেকেও অভ্যন্তরীণ পথের বিমানগুলো ৩০ থেকে ৪৫ মিনিট দেরিতে ছাড়ছে।”

এই বিমান কর্মকর্তা জানান, গত রোববার থেকে প্রতিদিনই আর্ন্তজাতিক ও অভ্যন্তরীণ রুট মিলে কমপক্ষে একটি বিমান ঢাকার পরিবর্তে চট্টগ্রামে অবতরণ করছে।

শাহ আমানত বিমানবন্দরে বিমানের স্টেশন শাহ আমানত বিমানবন্দরে বিমানের স্টেশন ব্যবস্থাপক ম্যানেজার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমান চলাচলের আর্ন্তজাতিক পরিচালন নীতিমালা (ইন্টারন্যাশনাল অপারেশনাল প্রসিডিউর) অনুসারে ছয় কিলোমিটার পর্যন্ত ‘রানিং ভিজিবিলিটি’ না থাকলে কোনো আর্ন্তজাতিক রুটের ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতে পারে না।

“বুধবার ও মঙ্গলবার ওমান এয়ারলাইন্সের দুটি ফ্লাইট শাহ আমানতে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানগুলো চট্টগ্রাম আসে।”

বিমানের ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণেই এ ঘটনা ঘটছে। আবাহাওয়া স্বাভাবিক না হলে এধরনের সমস্যা চলতে থাকবে।

এদিকে বিমানের অনির্ধারিত অবতরণ ও বিলম্বে চলাচলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বুধবার গভীর রাতে ব্যাংকক থেকে আসা বিমানটি দেড়শর বেশি যাত্রী নিয়ে শাহ আমানতে অবতরণ করে। গভীর রাতে অবতরণের পর বিমানটির যাত্রীরা বিপাকে পড়েন। 

শাহ আমানতের নাম প্রকাশে অনিচ্ছুক এক সিভিল এভিয়েশন কর্মকর্তা বলেন, বিমানটি অনির্ধারিতভাবে অবতরণ করায় যাত্রীরা বুঝতে পারছিল না অপেক্ষা করবে নাকি কোথায় গিয়ে রাত কাটাবে।

“বিমানটি কখন ছেড়ে যাবে এ বিষয়ে সিদ্ধান্ত না জানানোয় এবং বিমান বাংলাদেশের লোকজন না থাকায় যাত্রীরা কিছুটা বিপাকে পড়েন। এক পর্যায়ে যাত্রীরা বিক্ষুদ্ধ হয়ে পড়েন। পরে বিমান কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”