সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা
সৌদি আরবের ওর্তাভিয়া এলাকায় এক মসজিদে এক প্রবাসী বাংলাদেশি গুলি করে হত্যা করা হয়েছে।
গত রোববার বিকালে আসরের সামাজের সময় এ ঘটনায় একজন ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
নিহত মোহাম্মদ রফিকুল ইসলামের (৩৬) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে।
তিনি রিয়াদ থেকে ৩০ কিলোমিটার দূরে একটি খেঁজুরের খামারে কাজ করতেন এবং মাঝেমধ্যে গাড়ি চালাতেন বলে তার ভাই কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মো. সারওয়ার আলমকে উদ্ধৃত করে আরব নিউজ লিখেছে, ওর্তাভিয়া এলাকার একটি মসজিদে মাঝে মধ্যে আজান দেওয়ার কাজও করতেন রফিক।
সেদিন আসরের নামাজের জন্য আজান দিতে দেরি হওয়ায় মুয়াজ্জিনের এক আত্মীয় রফিককে গুলি করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সৌদি পুলিশ রফিককে মসজিদে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
রফিকের আরেক ভাই ইব্রাহিম মিয়া সৌদি আরবে রয়েছেন। তিনি দেশে ভাইয়ের মৃত্যুর খবর দিয়েছেন বলে কামাল জানান।
আজান দিতে দেরি হওয়ায় রফিককে গুলি করা হয়েছে বলে কামালও জানতে পেরেছেন। “রফিক যার অধীনে কাজ করত, তার ভাগ্নেই গুলি করে বলে আমরা শুনেছি।”
আহত ভারতীয় নাগরিকের শরীরে দুটি গুলি লাগলেও তার অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে। তাকে মাজমাহর বাদশাহ খালেদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আরব নিউজ জানিয়েছে।
হত্যাকাণ্ডের জন্য দায়ী সৌদি নাগরিককেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে আরব নিউজের খবরে বলা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাও নেন।
রফিকের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং দেশে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান।
রফিকের ভাই কামাল জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কিছু কাগজপত্র পাঠাতে পেলেছে। স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে পরিচিতিমূলক কাগজপত্র পেলেই লাশ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
রফিকের রাহাত ও রিশাত নামে দুটি ছেলে রয়েছে। কামাল বলেন, জানুয়ারিতে দেশে ফিরে ৭ বছর বয়সী রাহাতকে স্কুলে ভর্তি করানোর কথা ছিল তার।
১৭ বছর ধরে সৌদি আরবে থাকা রফিক ছয় মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন। এই মৃত্যুর খবরে স্ত্রী হেলেনা আক্তার (২৮) বার বার মূর্চ্ছা যাচ্ছেন বলে কামাল জানান।
