২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কৌশল পাল্টেছে’ সোনা চোরাকারবারীরা

বিমানবন্দরে একের পর এক অবৈধ সোনার চালান ধরা পড়ায় চোরাকারবারীরা নতুন কৌশল নিচ্ছে বলে মনে করছেন পুলিশ ও শুল্ক গোয়েন্দারা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 10:58 AM

Updated : 13 Oct 2022, 12:54 PM

পুরনো খবর:

শাহজালালে ফের ৪৩ কেজি সোনা
বিমানবন্দরে চোরাচালান রোধে ৩শ’ কোটি টাকা
১২৪ কেজি সোনা আটকের মামলায় আসামি ১০ বিমানকর্মী
সোনা চোরাচালান: বিমানের ডিজিএমসহ গ্রেপ্তার ৫
সোনা চোরাচালান: নজরদারিতে অর্ধ শতাধিক কর্মকর্তা

গত দুই বছরে বিমানবন্দরের টার্মিনাল দিয়ে সাধারণ যাত্রীবেশে ব্যাগে বা শরীরে লুকিয়ে সোনা পাচারের অসংখ্য ঘটনা ধরা পড়েছে। হ্যাংগার দিয়ে সোনার চালান বের করার সময়ও আটকের ঘটনা ঘটেছে।  

কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মীরা সোনা চোরাচালানে ধরা পড়ায় এখন কার্গো (মালামাল পরিবহন) সার্ভিস দিয়ে চালান পার করার কৌশল নেওয়া হচ্ছে বলে শুল্প কর্মকর্তাদের ধারণা। 

গত বুধবার ভোররাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো রাখার স্থান থেকে সোনার চালান ধরা পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন গোয়েন্দারা। তারা বলছেন, ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন পণ্যের আড়ালে কার্গোর মাধ্যমে অবৈধভাবে সোনার চালান বাংলাদেশে আনার চেষ্টা হচ্ছে।

বুধবার ধরা পড়া চালানে তিনটি কার্টনে ৪৩ কেজি সোনা আনা হয়েছিল গার্মেন্ট এক্সেসরিজের আড়ালে, যার বাজারমূল্য প্রায় ২১ কোটি ৫০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তারের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ইপিজেডের একটি গার্মেন্ট কারখানার এক্সেসরিজ আনার ঘোষণা দিয়ে সিঙ্গাপুর এয়ালাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকায় আসে কার্টনগুলো।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক সহকারী কমিশনার জানান, ওই কার্টনে যে প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া ছিল তার কোনো অস্তিত্বই নেই।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চোরাকারবারীরা কৌশল পাল্টেছে বলে মনে হচ্ছে।বিমানের হ্যাংগার ও টার্মিনাল দিয়ে যারা সোনা পাচার করতো তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছে। এখন এসব পথ দিয়ে চোরাই সোনা আর ধরা পড়ছে না।”

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “ওরা (চোরাকারবারী) এখন বিমানের কার্গোকে ব্যবহার করতে চাইছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া ঠিকানা দিয়ে তারা অন্য মালামালের সঙ্গে সোনা পাচারের চেষ্টা করছে।”

শাহজালাল বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে চোরাই সোনার সবচেয়ে বড় চালানটি আটক হয় গত বছরের ২৪ জুলাই। ওই চালানে ১২৪ কেজি ওজনের ১ হাজার ৬৫টি সোনার বার ধরা পড়ে, যার মূল্য প্রায় ৫৪ কোটি টাকা। এছাড়া গত ২৬ এপ্রিল দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ১০৬ কেজি সোনা পাওয়া যায়।

১২৪ কেজি সোনা আটকের ঘটনায় দেড় বছর পর গত ৬ ডিসেম্বর বিমানের ১০ কর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।

শেখ নাজমুল জানান, ৬ ডিসেম্বর করা মামলা বিমানের যে ১০ জনের নাম আছে তাদের মধ্যে তিনজন আগে থেকেই কারাগারে আছেন। এছাড়া তিনজন জামিনে ও দুইজন দেশের বাইরে রয়েছেন। বাকী দুইজনের পুরো ঠিকানা পাওয়া যায়নি।

সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গতমাসে বিমানের এক উপ-মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়, শফিউল আজম নামের এক ব্যক্তি দুবাই থেকে চোরাচালানের বিষয়টি নিয়ন্ত্রণ করেন। ঢাকায় এ কাজের সমন্বয় করে বিমান কর্মকর্তা, ঠিকাদার, কেবিন ক্রুসহ সংশ্লিষ্টদের একটি চক্র।

তাদের গ্রেপ্তারের পর বিমানের অর্ধশত কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে আনা হয়।

বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করার কাজ অনেকটাই গুছিয়ে আনা হয়েছে দাবি করে শিগগিরই তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলে ইঙ্গিত দেন উপ কমিশনার নাজমুল।

শাহজালালসহ দেশের চারটি বিমানবন্দরে চোরাচালান রোধে ৩০০ কোটি টাকার একটি প্রকল্পও গত বুধবার অনুমোদন করেছে সরকার।