২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২৪ কেজি সোনা আটকের মামলায় আসামি ১০ বিমানকর্মী

দেড় বছর আগে শাহজালাল বিমানবন্দরে ১২৪ কেজি চোরাই সোনা আটকের ঘটনায় ১০ বিমানকর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল বাদী হয়ে শুক্রবার রাতে এই মামলা করেন বলে বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার ১৪ আসামিদের মধ্যে ১০ জন বিমানের কর্মী।”

১০ বিমানকর্মী হলেন- সুইপিং সুপারভাইজার আবু জাফর, এয়ারক্রাফট মেকানিক মাসুদ, সিকিউরিটি অফিসার কামরুল হাসান, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদ, মজিবর রহমান, অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক আনিস উদ্দিন ভূঁইয়া, প্রকৌশল হ্যাঙ্গারের মেকানিক ওসমান গণি এবং জুনিয়র ইন্সপেকশন অফিসার শাহাজাহান সিরাজ, রায়হান আলী ও মাকসুদ।

বাকি চার আসামি হলেন- নেপালের নাগরিক গৌরাঙ্গ রোসান, ভারতীয় নাগরিক জেসন প্রিন্স, বাংলাদেশের এসএস কার্গোর চেয়ারম্যান মিলন শিকদার ও জসীম উদ্দিন।

গত বছরের ২৪ জুলাই বিমানের একটি কার্গো উড়োজাহাজে ১২৪ কেজি সোনা আটকের পর শুল্ক গোয়েন্দা বিভাগ একটি তদন্ত কমিটি করে। কিছু দিন আগে ওই কমিটি তাদের প্রতিবেদন রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে দিয়েছে।

ওই তদন্তে চোরাচালানে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

ছয় সদস্যের ওই তদন্ত কমিটির প্রধান ছিলেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।

বিমানের চোরাই সোনা আটকের মধ্যে এটাই সবচেয়ে বড় চালান। এই চালানে ১ হাজার ৬৫টি সোনার বার এসেছিল, যার মূল্য প্রায় ৫৪ কোটি টাকা।

এই চালান আটকের পর শুল্ক কর্মকর্তারা বলছিলেন, এর পেছনে বিমান কর্তৃপক্ষের কেউ না কেউ অবশ্যই জড়িত।

এর পরও বিমানবন্দরে কয়েকটি চোরাই সোনার  চালান ধরা পড়ে। এরপর গত মাসে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমানের এক উপ-মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুরনো খবর:

বিমানের ফ্লাইটে ১২৪ কেজি সোনা
সোনা চোরাচালান: বিমানের ডিজিএমসহ গ্রেপ্তার ৫