ফরিদপুর চিনিকলের আখ মাড়াই বন্ধ
ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু হওয়ার পাঁচ দিনের মাথায় বন্ধ হয়ে গেছে।
চিনিকলের কারখানা ব্যবস্থাপক এ কে এম তোফাজ্জল হোসেন খান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ পুরাতন বয়লারের টিউব ছিদ্র হয়ে গেলে আখ মাড়াই বন্ধ হয়ে যায়। টিউবের ছিদ্র মেরামতের কাজ চলছে।
তিনি জানান, চলতি বছরের আখ মাড়াই গত ৫ ডিসেম্বর শুরু হয়। এরপর থেকে দফায় দফায় ১৬ ঘণ্টা এবং বয়লারের সমস্যার কারণে ২৪ ঘণ্টা আখ মাড়াই বন্ধ থাকে। ৫ দিনে মোট ৪০ ঘণ্টা ব্রেকডাউন হয়।
এদিকে বুধবার সন্ধ্যায় সাংবাদিকরা বন্ধ চিনিকলের ছবি তুলতে গেলে মিলের ৪টি ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা যায়নি।
