২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ড স্থগিত, বিটিসিএলের সাবেক এমডির জামিন

আদালত অবমাননার দায়ে বিটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসওএম কলিমুল্লাহকে হাই কোর্টের দেওয়া চার মাসের দণ্ডাদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 03:50 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

পাশাপাশি কলিমুল্লাহকে আট সপ্তাহের জামিনও দিয়েছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার কলিমুল্লাহর একটি আবেদনের শুনানি করে তিনি এই আদেশ দেন। আদালতে কলিমুল্লাহর পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

আর হাই কোর্টে এ মামলার বাদী অক্সিনেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনিক আর হক।

অনিক আর হক বলেন, “চেম্বার বিচারপতি কলিমুল্লাহর দণ্ড স্থগিত করে তাকে আট সপ্তাহের জামিন দিয়েছেন। পাশাপাশি ওই সময়ের তাকে নিয়মিত আপিল দায়ের করতে বলেছেন।”

আদালত অবমাননার অভিযোগে গত ৪ ডিসেম্বর হাই কোর্টের বিচারপতি এম আর হাসানের একক বেঞ্চ এসওএম কলিমুল্লাহকে চার মাসের দণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে।

গত ফ্রেব্রুয়ারিতে অবসরে যাওয়া এই সরকারি কর্মকর্তা জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরো একমাস জেল খাটতে হবে বলে হাই কোর্টের আদেশে বলা হয়।

অনিক আর হক জানান, তার মক্কেল প্রতিষ্ঠান অক্সিনেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড যুক্তরাজ্যে কলিং কার্ডের ব্যবসা করে।

“২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আমরা বিটিসিএলের সঙ্গে কাজ করছি। ব্রিটেন থেকে আমাদের মাধ্যমে কোনো টেলিফোন কল বাংলাদেশে এলে বিটিসিএল সংযোগ দিয়ে দেয়। বাংলাদেশ থেকে ব্রিটেনে কল গেলে একই কাজ আমরা করি। এজন্য আমরা পরস্পরকে অর্থ পরিশোধ করি।

“এই লেনদেনে আমাদের সঙ্গে বিটিসিএলের একটি বিরোধ সৃষ্টি হয়। বিটিসিএল আমাদের কাছে ৬০ লাখ টাকা দাবি করে। এই বিরোধের বিপরীতে আইএফআইসি ব্যাংকে আমাদের ১ কোটি ৬০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি ছিল।”

“৬০ লাখ টাকার এই বিরোধ নিষ্পত্তি না হওয়া পর‌্যন্ত ৬৮ লাখ টাকা রেখে বাকি টাকা তুলে নিতে হাই কোর্টে আসি। হাই কোর্ট তিন দফা মত জানতে চাইলেও তারা জবাব দেয়নি। এরপর হাই কোর্টের আদেশ নিয়ে আমরা টাকা তোলার উদ্যোগ নেই।”

এরপর বিটিসিএল আদালতে আপিল বা রিভিউ না করে ব্যাংকের কাছে আপত্তি জানিয়ে চিঠি দিলে অক্সিনেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হাই কোর্টে অবমাননার এই অভিযোগ আনা হয়।

ওই আবেদনে আদালত রুল জারি করলে বিবাদীরা আদালতে এসে ক্ষমা চান। কিন্তু আদালত অবমাননা করে নিঃশর্ত ক্ষমা চাইলেই ক্ষমা করে দিতে হবে কি-না, এই আইনগত প্রশ্নে আদালত পাঁচজনকে অ্যামিকাস কিউরি নিয়োগ করে।

এরা হলেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ড. কাজী আখতার হামিদ ও মনজিল মোরসেদ।

দুইপক্ষ ও অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনে ৪ ডিসেম্বর এই রায় ঘোষণা করে আদালত, যাতে সাজার আদেশ হয়।

রায় ঘোষণার সময় কলিমুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। আদেশের পরপরই তাকে  সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কুদ্দুস জামানের কাছে হস্তান্তর করা হয়। পরে ভারপ্রাপ্ত রেজিস্টার তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।

তিনি এখনো কারাগারে রয়েছেন বলে অনিক আর হক জানিয়েছেন।

পুরনো খবর:

অবমাননা: বিটিসিএলের সাবেক এমডির ৪ মাসের দণ্ড