অবমাননা: বিটিসিএলের সাবেক এমডির ৪ মাসের দণ্ড
আদালত অবমাননার দায়ে বিটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসওএম কলিমুল্লাহকে চার মাসের দণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে হাই কোর্ট।
জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরো একমাস জেল খাটতে হবে সাবেক এই সরকারি কর্মকর্তাকে, যিনি গত ফ্রেব্রুয়ারিতে অবসরে যান।
বিচারপতি এম আর হাসানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই সাজার রায় ঘোষণা করেন।
এই রায়ের ফলে কলিমুল্লাহ কোনো অবসর সুবিধা পাবেন না বলে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী অনিক আর হক।
অক্সিনেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানির করা একটি মামলায় কলিমুল্লাহকে এই দণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে কলিং কার্ডের ব্যবসা করে বলে জানিয়েছেন এই আইনজীবী।
অনিক আর হক বলেন, “২০০৯ সাল থেকে আমরা বিটিসিএলের সঙ্গে কাজ করছি। ব্রিটেন থেকে আমাদের মাধ্যমে কোনো টেলিফোন কল বাংলাদেশে এলে বিটিসিএল সংযোগ দিয়ে দেয়। বাংলাদেশ থেকে ব্রিটেনে কল গেলে একই কাজ আমরা করি। এজন্য আমরা পরস্পরকে অর্থ পরিশোধ করি।
“এই লেনদেনে আমাদের সঙ্গে বিটিসিএলের একটি বিরোধ সৃষ্টি হয়। বিটিসিএল আমাদের কাছে ৬০ লাখ টাকা দাবি করে। এই বিরোধের বিপরীতে আইএফআইসি ব্যাংকে আমাদের ১ কোটি ৬০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি ছিল।”
“৬০ লাখ টাকার এই বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৬৮ লাখ টাকা রেখে বাকি টাকা তুলে নিতে হাই কোর্টে আসি। হাই কোর্ট তিন দফা মত জানতে চাইলেও তারা জবাব দেয়নি। এরপর হাই কোর্টের আদেশ নিয়ে আমরা টাকা তোলার উদ্যোগ নেই।”
এরপর বিটিসিএল আদালতে আপিল বা রিভিউ না করে ব্যাংকের কাছে আপত্তি জানিয়ে চিঠি দিলে অক্সিনেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হাই কোর্টে অবমাননার এই অভিযোগ আনা হয়।
ওই আবেদনে আদালত রুল জারি করলে বিবাদীরা আদালতে এসে ক্ষমা চান। কিন্তু আদালত অবমাননা করে নিঃশর্ত ক্ষমা চাইলেই ক্ষমা করে দিতে হবে কি-না, এই আইনগত প্রশ্নে আদালত পাঁচজন অ্যামিকাস কিউরি নিয়োগ করে।
এরা হলেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ড. কাজী আখতার হামিদ ও মনজিল মোরসেদ।
দুইপক্ষ ও অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে আদালত, যাতে সাজার আদেশ হয়।
রায় ঘোষণার সময় কলিমুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। আদেশের পরপরই তাকে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কুদ্দুস জামানের কাছে হস্তান্তর করা হয়।
পরে ভারপ্রাপ্ত রেজিস্টার তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। এ মামলায় বিবাদীর আইনজীবী ছিলেন রইস উদ্দিন আহমেদ।
