খাগড়াছড়িতে মঙ্গলবার হরতাল
খাগড়াছড়ির মানিকছড়িতে শিক্ষক ও আওয়ামী লীগ নেতা চিংসা মং চৌধুরী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয়রা।
এছাড়া খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের বিরুদ্ধে অব্যাহত সন্ত্রাস, চাদাঁবাজি, অপহরণ ও খুনের অভিযোগ তুলে তার বন্ধের দাবিও জানায় দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ কমিটি।
প্রতিরোধ কমিটির আয়োজনে খাগড়াছড়ি মুক্ত মঞ্চ থেকে সোমবার বিকালে এ ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিরোধ কমিটির খাগড়াছড়ি জেলা আহবায়ক ও পৌর মেয়র রফিকুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বাজার, চেঙ্গী স্কোয়ার ও আদালত সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক পৌর মেয়র রফিকুল আলম, সদস্য সচিব আওয়ামী লীগ নেতা এসএম শফি, পৌর কাউন্সিলর মেহেদী হাসান হেলাল।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে নিয়মিত প্রকাশ্যে-অপ্রকাশ্যে ইউপিডিএফ-জেএসএস চাদাঁবাজি করে আসছে। চাদাঁবাজির পাশাপাশি তারা খুন, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছে।
গত শনিবার মানিকছড়িতে গুলি করে আওয়ামী লীগ নেতা ও শিক্ষক চিংসা মং চৌধুরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জনসংহতি সমিতির নেতা ধীমান চাকমা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
