শিবির উৎখাতে ছাত্রাবাস বন্ধ চায় ছাত্রলীগ
অবিলম্বে চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজের আবাসিক ছাত্রাবাস বন্ধ করে দেওয়ার জন্য কলেজ দুইটির কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ।
পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরকে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উৎখাতে ‘প্রয়োজনে আইন নিজের হাতে তুলে’ নিতে সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এই আহ্বান জানান।
ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজের সব ছাত্রাবাস বন্ধ করে দিতে এ দুই কলেজ কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময়ও বেঁধে দেন সিদ্দিকী নাজমুল আলম।
‘সরকারি চট্টগ্রাম কলেজ এবং মহসীন কলেজে জঙ্গিগোষ্ঠীর সকল অপতৎপরতা বন্ধ এবং ছাত্রাবাস জঙ্গিমুক্ত করার শিক্ষার পরিবেশ সৃষ্টির’ দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান বক্তা সিদ্দিকী নাজমুল আলম বলেন, চট্টগ্রামের রাজপথ ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। চট্টগ্রামের অনেক শিক্ষা প্রতিষ্ঠান দখলে রেখে শিবির জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
“চট্টগ্রাম কলেজকে তারা আফগানিস্তান বানিয়ে রেখেছে। সেখানে ছাত্রী হোস্টেলে কোনো ছাত্রী থাকে না। সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে থাকে। অতীতেও ছাত্রবাসগুলোতে অস্ত্র গোলাবারুদ পাওয়া গেছে।”
দীর্ঘকাল পর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মিছিল
“ছাত্রলীগ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সাংবাদিকরা ছাত্রলীগ নিয়ে ফলাও করে খবর প্রকাশ করেন। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কলেজে শিবিরের আস্ফালন নিয়ে খবর দেখতে পাই না।”
সিদ্দিকী নাজমুল আলম বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ জানে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয়। প্রয়োজনে প্যারেড মাঠে (চট্টগ্রাম কলেজ সংলগ্ন মাঠ) সভা ডেকে চট্টগ্রাম ও মহসীন কলেজকে শিবির মুক্ত করা হবে।”
তিনি বলেন, “অবিলম্বে চট্টগ্রাম ও মহসীন কলেজের ছাত্রছাত্রী হোস্টেল বন্ধ করে দিতে হবে। সাতদিনের মধ্যে কলেজ হোস্টেল বন্ধ না হলে কলেজ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব।
“হোস্টেলে জঙ্গিবাদ চালাবেন তা হবে না। চালু রাখতে চাইলে হোস্টেল পরিষ্কার করে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দিতে হবে।”
সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে সিদ্দিকী নাজমুল আলম বলেন, “জামাত-শিবিরের সাথে কোনো আপোষ নেই। প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নিয়ে জামাত-শিবির প্রতিরোধ করতে হবে। আর কোনো নেতাকর্মীর মৃত্যু চাই না।
“ভালোবাসার জবাব যদি ভালোবাসা হয়। ভালোলাগার জবাব যদি ভালোলাগা হয়। তাহলে মাইরের জবাবে মাইর দিতে হবে। ছাত্রলীগের লাশের মিছিল আর বাড়াতে চাই না। প্রতিশোধ নিতে চাই।”
১৯৮১ সালে নগরীর সিটি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক তবারক হোসেন চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে শিবিরের হাতে খুন হন।
এরপর ১৯৮৪ সালে শিবিরের রাজনীতি করতে অসম্মতি জানানোয় খুন হন ইউসুফ নামের এক শিক্ষার্থী।
১৯৮৬ সালে ছাত্র সংসদ নির্বাচনের আগের দিন ছাত্রলীগের মিছিলে হামলা চালায় শিবির।
এরপর থেকে গত ২৭ নভেম্বরের আগ পর্যন্ত চট্টগ্রাম কলেজে আর কখনো প্রকাশ্যে মিছিল-সমাবেশ করেনি ছাত্রলীগ। এখন পর্যন্ত শিবির ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনও চট্টগ্রাম ও মহসীন কলেজে সক্রিয় হতে পারেনি।
২৭ নভেম্বর চট্টগ্রাম কলেজের শেরেবাংলা ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে ১৬টি রামদা, তিন কেজি বিস্ফোরক দ্রব্য ও দুটি ককটেল উদ্ধার করে পুলিশ। সেদিন নগর ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল করে।
আগেও বিভিন্ন সময় তল্লাশি চালিয়ে ছাত্রাবাস থেকে জিহাদি বই ও বিভিন্ন অস্ত্র উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম কলেজে চারটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস আছে। মহসীন কলেজে দুটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস আছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি হতে দিতে পারি না। হোস্টেলে অস্ত্র ভাণ্ডার আছে। অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি।
“তালিকাভুক্ত সন্ত্রাসীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। না হলে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখা যাবে না।”
চট্টগ্রাম নগর ছাত্রলীগের বিভিন্ন কলেজ কমিটি অবিলম্বে করার আহ্বান জানান মহিউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম ও মহসীন কলেজকে ছাত্র শিবির মুক্ত করতে ছাত্রলীগের পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
সমাবেশ চলাকালে একাধিকবার মঞ্চে জড়ো হওয়া নেতাকর্মীদের মঞ্চ থেকে নামিয়ে দেন সিদ্দিকী নাজমুল আলম। এছাড়া সমাবেশ শেষে মাঠের পেছনের অংশে দুই পক্ষে ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় অতিথিরা চলে গেলেও নগর ছাত্রলীগের নেতারা মঞ্চে দাঁড়ানো ছিলেন। তবে তারা ছিলেন নিরব।
