২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে রাইফেল লাপাত্তা, কারারক্ষী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অস্ত্রগারের একটি চাইনিজ রাইফেলের সন্ধান মিলছে না রোববার বিকেল থেকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 08:00 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

এ ঘটনায় সোমবার বিকালে ওই কারাগারের প্রধান কারারক্ষী মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় জয়দেবপুর থানা ও কারাগার কর্তৃপক্ষ পৃথক সাধারণ ডায়েরি (জিডি)  করেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, রোববার বিকালে অস্ত্রাগারের অস্ত্র গুণতে গিয়ে একটি রাইফেল পাওয়া যাচ্ছিল না। বিকাল  ৫টার দিকে ওই অস্ত্রাগারের দায়িত্বে থাকা প্রধান কারারক্ষী মো. সিরাজুল ইসলাম তাকে বিষয়টি জানান।

এরপর কারাভ্যন্তরে বিভিন্ন স্থানে খোঁজ করেও অস্ত্রের হদিস না পাওয়ায় রোববার সন্ধ্যায় বিষয়টি আইজিপি (প্রিজন) স্যারকে জানানো হয় এবং জয়দেবপুর থানায় সোমবার দুপুর ২টার দিকে জিডি করা হয়।

মিজানুর রহমান জানান, এ ঘটনা তদন্তে রোববার রাতেই আইজিপি (প্রিজন) মো. ইফতেখার উদ্দিন রাজশাহী বিভাগের ডিআইজি মো. বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে এ দায়িত্বে অবহেলার কারণে প্র্রধান কারারক্ষী মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও তিনি জানান।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম জানান, সোমবার দুপুরে ঘটনা জানার পর কারাকর্তৃপক্ষের আগে থানার পক্ষ থেকেও একটি জিডি করে ঘটনা অনুসন্ধানের জন্যে থানার পরিদর্শক (তদন্ত) মো. আলম চাঁদকে  দায়িত্ব দেওয়া হয়েছে।